ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নওগাঁয় নবজাতক চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলল


নওগাঁয় নবজাতক চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলল

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ সন্তানের মধ্যে একটি চুরির অভিযোগের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। জেলা সিভিল সার্জনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা গেছে যে, প্রসূতির গর্ভে যমজ সন্তান থাকার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য আল্ট্রাসনোগ্রাফিক প্রমাণ মেলেনি। বরং তদন্তে প্রমাণিত হয়েছে যে গর্ভে একটি সন্তানই ছিল। ফলে একটি নবজাতক চুরির পুরো অভিযোগের ভিত্তি নিয়েই নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে নওগাঁ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. মো. শরীফ চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সংশ্লিষ্ট চিকিৎসক, অপারেশন টিমের সদস্য, রোগীর স্বজন ও আল্ট্রাসনোলজিস্টদের বক্তব্য এবং বিভিন্ন আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও সংযুক্ত ছবি গভীরভাবে পর্যালোচনা করে। গত ১৪ নভেম্বর সিভিল সার্জনের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, অপারেশনের আগে রোগী ও তার স্বজনদের যথাযথ কাউন্সেলিং করা উচিত ছিল, যা অপারেশনকারী সার্জন ও সংশ্লিষ্ট টিমের পক্ষ থেকে করা হয়নি। বিশেষ করে আল্ট্রাসনোগ্রামের একাধিক রিপোর্টে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় বিষয়টি আরও সতর্কতার সঙ্গে ব্যাখ্যা করা প্রয়োজন ছিল। যেখানে একটি রিপোর্টে গর্ভে একক সন্তান এবং অন্য দুটি রিপোর্টে যমজ সন্তানের কথা বলা হয়েছিল, তা নিয়ে স্বজনদের কোনো পরিষ্কার ধারণা দেওয়া হয়নি।

আরও পড়ুন: হিলি ইমিগ্রেশনে ল্যাগেজ স্ক্যানার ও আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের পরিকল্পনা

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আল্ট্রাসনোগ্রাফি শতভাগ নিশ্চিত কোনো পরীক্ষা নয়। গর্ভকাল বাড়ার সঙ্গে সঙ্গে একক নাকি একাধিক সন্তান রয়েছে, তা নির্ণয়ে ত্রুটি হওয়া স্বাভাবিক। ২১ অক্টোবরের একটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ করে একটির ওজন ২ কেজি ৩৩১ গ্রাম এবং অপরটির ওজন ২ কেজি ৪৮৬ গ্রাম দেখানো হয়েছিল। অথচ প্রসবের পর জন্ম নেওয়া নবজাতকের ওজন পাওয়া যায় ৩ কেজি ৭০০ গ্রাম, যা একক শিশুর ক্ষেত্রে স্বাভাবিক। তাছাড়া, আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট প্রদান রেজিস্টারেও যমজ সন্তানের কোনো তথ্য ছিল না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরবরাহ করা আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের সঙ্গে সংযুক্ত ছবিগুলোতে একই সঙ্গে দুটি শিশুর মাথা, হৃৎপিণ্ড বা পেটের উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় অভিজ্ঞ বিশেষজ্ঞ আল্ট্রাসনোলজিস্ট ও রেডিওলজিস্ট ডা. এ.এস. রেজাউল মাহমুদও তদন্ত কমিটির এই মতের সঙ্গে একমত পোষণ করেছেন।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুলের মেয়ে সান্ত্বনা আক্তারকে সন্তান প্রসবের জন্য শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি মেয়ে নবজাতকের জন্ম হয়। তবে আগের আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ সন্তানের কথা থাকায় স্বজনরা দাবি করেন, তাদের একটি ছেলে ও একটি মেয়ে হওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু তাদের হাতে কেবল একটি মেয়ে শিশু তুলে দেওয়া হয়।

এ নিয়ে ক্ষোভের মুখে নবজাতকের বাবা শান্ত ইসলাম থানায় মামলা করেন। মামলায় বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক, অ্যানেসথেসিওলজিস্ট ডা. মো. ইসকেন্দার হোসেন ও সার্জন ডা. মাহফুজা খাতুনসহ আটজনকে আসামি করা হয়।

আরও পড়ুন: ‘শুধু সরকারি উদ্যোগে শহর নান্দনিক করা সম্ভব নয়’

এদিকে, গত ১২ নভেম্বর বগুড়ার আদমদীঘি থেকে ৭-৮ দিনের এক ছেলে নবজাতকসহ মলিনা (৪০) নামে এক নারীকে আটক করে পুলিশ। ওই নারী শিশুটিকে দত্তক নেওয়ার দাবি করলেও এটি বলাকা ক্লিনিকের নিখোঁজ শিশু কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বগুড়ার আলবারাকা জেনারেল হাসপাতালের পরিচালক মো. বিপুল জানান, ৫ নভেম্বর তার প্রতিষ্ঠানে একটি ছেলে শিশু জন্ম নেয়, তবে দত্তক দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।

বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক দাবি করেন, তাদের ক্লিনিকে অপারেশন থিয়েটার ভাড়া দেওয়া হয়েছিল এবং একটিমাত্র শিশুই জন্ম নেয়। তার সুনাম ক্ষুণ্ন করতেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মিথ্যা গুজব ছড়াচ্ছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, বগুড়া থেকে উদ্ধার হওয়া নবজাতকটি নিখোঁজ শিশু কি না, তা এখনো নিশ্চিত নয়। পরিচয় নিশ্চিত করতে আদালতে ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়েছে।

আরও পড়ুন: ভোলায় ছয় লাখ শিশুর জন্য মাত্র দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরে কালো ধোঁয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরে কালো ধোঁয়া

সৌদি আরবের রাজধানী রিয়াদে বুধবার (১৮ নভেম্বর) বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই বিস্ফোরণটি ঘটে ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবে হামলা চালানোর প্রেক্ষাপটে। এ তথ্য নিশ্চিত করেছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন যে, বিস্ফোরণের আগে তাদের মোবাইল ফোনে কোন সতর্কবার্তা পাঠানো হয়নি। রাজধানীর উত্তরাঞ্চলের এক বাসিন্দা বিস্ফোরণের শব্দকে ‘অত্যন্ত বিকট’ বলে উল্লেখ করেছেন।

এএফপির একজন সাংবাদিক জানান, বিস্ফোরণের শব্দে তার বাড়ির দরজাগুলো খুলে যায় এবং কিছুক্ষণের জন্য বিদ্যুৎ চলে যায়। রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা বলেন, ‘কোনো সতর্কবার্তা না পেয়ে বিস্ফোরণের শব্দ শোনা খুবই আতঙ্কজনক।’

বিস্ফোরণের সঠিক স্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, শহরের উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছে তারা ধোঁয়া দেখতে পেয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা এবং রিয়াদের আর্থিক এলাকা।

গত অক্টোবরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো এক প্রাণঘাতী হামলায় ১৪ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। এ ঘটনায় দুই সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, রিয়াদ অঞ্চলের দিকে হুথিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

ইয়েমেনের প্রতিবেশী দেশগুলোর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুথিদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত জুলাইয়ে আবারও সংঘাত শুরু হওয়ার পর থেকে জোটটি হামলার মাত্রা বৃদ্ধির মুখে পড়েছে।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংঘাত অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে গত গ্রীষ্মে আবারও যুদ্ধ শুরু হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর হুথিরা এখন সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের কাছাকাছি পৌঁছে গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্ম থেকে সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ককটেল বিস্ফোরণে যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগসহ ৩ জন কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


ককটেল বিস্ফোরণে যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগসহ ৩ জন কারাগারে

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগসহ তিন জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

কারাগারে যাওয়া অপর দুই জন হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সুমাইয ইসলাম (১৯) এবং ওবায়দুর রহমান সুদাইচ (২২)।

পুলিশ আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫-৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এ সময় ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দু’জনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় সূত্রাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াশিংটনে হামলার ষড়যন্ত্রের খবর ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


ওয়াশিংটনে হামলার ষড়যন্ত্রের খবর ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল ইরান

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত ইরানের কথিত ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনার খবরকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।

তেহরানের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কর্তৃপক্ষ এ হুমকিকে ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ বিবেচনা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, ‘যারা ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে, তারাই এখন নিজেদের অশুভ পরিকল্পনার পক্ষে গণমাধ্যমে প্রচারণার ক্ষেত্র তৈরি করতে চাইছে। এ জন্য তারা ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। এর মধ্যে রয়েছে নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত সাম্প্রতিক দাবি এবং সিএনএনের প্রচারিত কথিত ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে বানোয়াট সংবাদ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫৭ রানে পিছিয়ে দল, ব্যাটিংয়ে নেমেই ফিরলেন তামিম-মুমিনুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


১৫৭ রানে পিছিয়ে দল, ব্যাটিংয়ে নেমেই ফিরলেন তামিম-মুমিনুল

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪০০ রান সংগ্রহ করে। এর বিপরীতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান করে ১৫৭ রানের লিড নিয়ে এগিয়ে যায়।

আজ চতুর্থ দিনে বাংলাদেশ ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামার সাথে সাথেই বিপদে পড়ে। স্কোরবোর্ডে মাত্র ১২ রান যোগ হওয়ার পর ওপেনার তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক সৌরভ সাজঘরে ফিরে যান।

প্রথম ইনিংসে ২২ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেছিলেন তানজিদ। তিনি আগের ইনিংসে ৬৭ রান করেছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রানে আউট হন।

তানজিদ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামার সাথে সাথে তৃতীয় বলেই সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ বোল্ড হয়ে ফিরে যান। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর আজ দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ১ রান করেন।

মুমিনুলের আউট হওয়ার সময় বলটি অফ স্টাম্পের বেশ বাইরে ছিল। তিনি চাইলে বলটি ছেড়ে দিতে পারতেন, কিন্তু কেন তিনি খেলেছেন, তা পরিষ্কার নয়। মুমিনুলের ব্যাটের মাধ্যমে বল স্টাম্পে লেগে তাকে বোল্ড করে দেয়।

দলকে ব্যাটিং বিপর্যয় থেকে উদ্ধার করার চেষ্টা করছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%