ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব


জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রী শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। সরকাররের কর্মকাণ্ড ও কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করতে হবে।

তিনি বলেন, 'নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করার সুযোগ পাবে না।'

আজ সোমবার, রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবের পদায়ন

রুহুল কবির রিজভী আরও বলেন, 'সরকারের প্রতিটি কাজ, কর্মকাণ্ড ও বাস্তবায়নাধীন কর্মসূচির ক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করেছেন। তাই জনস্বার্থের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো কাজ করবে না।'

তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে যে অবস্থান তৈরি করেছে, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পেছনে রয়েছে। তারা নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে যে ব্যাপক কাজ করেছেন, সেগুলোই BNP এর জনপ্রিয়তা বাড়িয়েছে।

রুহুল কবির রিজভী মন্তব্য করেন, এখন তাদের সুযোগ্য পুত্র তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন কিছু কর্মসূচি বাস্তবায়ন করছেন, যা জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। দলের নেতাকর্মীরা এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবেন এবং তা জনগণের কাছে তুলে ধরবেন। এর ফলে বিএনপির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সারাদেশে যারা দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন, তাদের সতর্ক হতে হবে। আপনারা অনৈতিক কাজে যুক্ত না হয়ে গঠনমূলক কাজে যুক্ত থাকবেন এবং দলের শক্তি বাড়াবেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার চেষ্টা করতে হবে।

আরও পড়ুন: এমপি রনি: বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে স্বৈরাচার

তিনি আরো বলেন, স্থানীয় পর্যায়ে ইউনিয়ন, উপজেলা, থানা এবং জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। দলীয় প্রতীকে এখন আর নির্বাচন অনুষ্ঠিত হবে না। দলের নেতাকর্মী ও সমর্থকরা দল-সমর্থিত প্রার্থীকেই সমর্থন দেবেন।

রুহুল কবির রিজভী বলেন, 'এত অপপ্রচার, চক্রান্ত ও ষড়যন্ত্রের পরও জরিপে বিএনপির জনপ্রিয়তা প্রায় ৫৪ থেকে ৫৬ শতাংশ। আর ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরও বেশি, ৬৫ থেকে ৬৬ শতাংশ।'

তিনি বলেন, 'জনগণের পক্ষে, জনগণের স্বার্থে এবং জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কখনো ব্যর্থ হবে না। সেই সরকার জনগণমুখী সামাজিক সরকার হিসেবে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকবে।'

এর আগে রিজভী দলের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

আরও পড়ুন: ডিআইজির বাড়িতে মাদকের আসর, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

এ সময়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় মার্কিন ঘাঁটিতে প্যাট্রিয়ট মোতায়েন গ্রিসের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় মার্কিন ঘাঁটিতে প্যাট্রিয়ট মোতায়েন গ্রিসের

হরমুজ প্রণালি নিয়ে বাড়াবাড়ি করলে ইউরোপে মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপদ থাকবে না। ইরানের এমন একটি হুমকির প্রেক্ষাপটে গ্রিস তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে। সোমবার, দেশের সামরিক বাহিনী তাদের ‘প্যাট্রিয়ট’ মিসাইল ইন্টারসেপ্টর ব্যবস্থা ক্রেট দ্বীপে স্থানান্তর করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রিসের পূর্বাঞ্চলীয় কারপাথোস দ্বীপ থেকে সরানো হচ্ছে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারিটি, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রেট দ্বীপে স্থাপন করা হচ্ছে। দ্বীপে অবস্থিত সুদা বে সামরিক ঘাঁটির আকাশ সুরক্ষাকে আরও জোরদার করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুদা বে-এর নৌ ও বিমান ঘাঁটিটি একসাথে গ্রিক সশস্ত্র বাহিনী, মার্কিন সামরিক বাহিনী এবং ন্যাটোর যৌথ সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান উত্তপ্ত নিরাপত্তা পরিস্থিতিতে সমগ্র অঞ্চলজুড়ে যৌথ মিত্রদের বিভিন্ন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ঘাঁটিটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে অত্যন্ত জরুরি মনে করছে এথেন্স।

সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে ইরানি সূত্রের বরাতে জানানো হয়, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ঘিরে সামরিক চাপ বৃদ্ধি করেন, তাহলে ইরান ইউরোপে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এই সতর্কবার্তার সঙ্গে সঙ্গে সামরিক স্থানান্তরের সংবাদটি সামনে এসেছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে প্যাট্রিয়ট ব্যবস্থা বহনকারী একটি সামরিক ট্রাককে বার্জে তোলার জন্য অপেক্ষা করছে দেখা গেছে। তবে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার স্থানান্তর প্রক্রিয়া সম্পর্কে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: ইউরো নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব, কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বাতিল যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব, কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বাতিল যুক্তরাষ্ট্রের

ইরানের সাথে চলমান সংঘাতের প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র আগামী মাসে নির্ধারিত একটি নৌ মহড়া বাতিল করবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়া। এ সিদ্ধান্তের পেছনে প্রয়োজনীয় প্রতিরক্ষা বাহিনীর সীমাবদ্ধতা রয়েছে। দ্বিবার্ষিক ‘সাংইয়ং’ মহড়ায় কোরিয়া যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর সঙ্গে অংশগ্রহণ করতো।

যৌথ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই মহড়ায় সাধারণত যুদ্ধজাহাজ, বিমান ও স্থলবাহিনীর অংশগ্রহণের মাধ্যমে উভচর অবতরণের অনুশীলন করা হয়ে থাকে। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়ার সময়সূচি হ্রাস করার নির্দেশনা দিয়েছিলেন। এর ফলে দুই দেশের যৌথ মহড়ার সময়কাল ১১ দিন থেকে কমিয়ে পাঁচ দিনে নির্ধারণ করা হয়।

ওই সময় ট্রাম্প উলচি ফ্রিডম শিল্ড মহড়ার উচ্চ ব্যয়সহ অন্যান্য বিষয় উল্লেখ করে বলেছিলেন, মহড়াটি উত্তর কোরিয়ার কাছে একটি ‘অনুচিত ও বৈরী’ বার্তা পাঠায়। এছাড়া তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টিও ব্যক্ত করেছিলেন।

সোমবার, ২৪ আগস্ট, দক্ষিণ কোরিয়া মেরিন কোরের মুখপাত্র হান সেউং-জিওন এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে এ বছরের সাংইয়ং মহড়ায় সেনা মোতায়েনের সক্ষমতা সীমাবদ্ধ হবে।

তিনি আরও বলেন, সিউল ও ওয়াশিংটন উভচর মহড়াটি পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা করছে, তবে এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি। সিউলের এই ঘোষণার বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট একটি মন্তব্য করেন, যেখানে তিনি কিমের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পিয়ংইয়ংয়ের হাতে বর্তমানে ৫৭টি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে এবং সিউলের হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে এ ধরনের প্রায় ৮০ থেকে ১২০টি অস্ত্র রয়েছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে, তিনি ও কিম তিনবার বৈঠকে মিলিত হয়েছিলেন। তবে ২০১৯ সালে হ্যানয়ে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনটি উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো চুক্তি ছাড়াই ভেস্তে যাওয়ার পর পিয়ংইয়ং তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করে।

সূত্র: এএফপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


শিক্ষামন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এসেছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের সঙ্গে।

আজ সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতের সময় প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে ভূয়সী প্রশংসা করেছে। মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

মন্ত্রী এ সময় বলেন, 'আমরা যদি এদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে দেশকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব। এজন্য আমরা Technical and Vocational Education (TVET) সেক্টরের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি।'

তিনি আরো বলেন, দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ এবং বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে।

এছাড়া, বৈঠকে শিক্ষার মানোন্নয়নে দুই দেশ ভবিষ্যতে আরো নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, বাংলাদেশস্থ চীনা এমবাসির কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির নকশা দিচ্ছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির নকশা দিচ্ছে ব্রিটেন

যুক্তরাজ্য সরকার ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য উন্মুক্ত করার অনুমতি দিয়েছে।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইউরোপীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমবিডিএ-কে দীর্ঘপাল্লার স্কাল্প ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ব্রিটিশ উপাদানসংক্রান্ত শ্রেণিবদ্ধ তথ্য প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার ইউক্রেন সফরে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। সেখানেই তিনি এ বিষয়ে ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এই পদক্ষেপটি ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে মিত্রদের প্রযুক্তি ভাগাভাগির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

স্কাল্প হলো ফ্রান্সের ব্যবহৃত একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো-এর ফরাসি সমতুল্য। দুইটি ক্ষেপণাস্ত্রই মূলত একই ধরনের প্রযুক্তিগত সক্ষমতার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং নির্দিষ্ট স্থল লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলার জন্য ব্যবহৃত হয়।

স্কাল্প ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় ১ হাজার ৩০০ কেজি এবং দৈর্ঘ্য ৫ দশমিক ১০ মিটার (১৬ দশমিক ৭ ফুট)। এটি প্রায় ২৪১ কিলোমিটার (১৫০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

অর্থাৎ ইউক্রেনের সাম্প্রতিক দূরপাল্লার ড্রোনগুলোর সক্ষমতার তুলনায় এর পাল্লা কম হলেও, রাশিয়ার ভূখণ্ডের গভীরে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচিত হয়।

ব্রিটিশ সরকারের এই উদ্যোগের তাৎপর্য শুধুমাত্র ক্ষেপণাস্ত্র সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি ইউক্রেনকে অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে অন্যান্য মিত্র দেশগুলো কতটা প্রস্তুত, তারও একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে।

প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমবিডিএ’র তথ্য অনুযায়ী, স্কাল্প ক্ষেপণাস্ত্র মূলত আগে থেকে নির্ধারিত ও স্থির লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি। দিন কিংবা রাত—উভয় সময়েই এবং বিভিন্ন ধরনের আবহাওয়ায় এটি ব্যবহার করা যায়।

ক্ষুদ্র ও মাঝারি পাল্লার অস্ত্রের তুলনায় এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো উন্নত নেভিগেশন ব্যবস্থা। উন্নত নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত হতে পারে।

স্কাল্প ক্ষেপণাস্ত্রে ব্রিটিশ প্রযুক্তি ও উপাদান ব্যবহৃত হওয়ায় সংশ্লিষ্ট তথ্য এতদিন শ্রেণিবদ্ধ বা গোপনীয় ছিল। যুক্তরাজ্য সরকারের অনুমতির ফলে এমবিডিএ এখন এসব উপাদান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উন্মুক্ত করতে পারবে।

এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প ভবিষ্যতে এ ধরনের দূরপাল্লার অস্ত্রের উৎপাদন বা রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধি করার সুযোগ পেতে পারে। পাশাপাশি এটি ইউক্রেনকে বিদেশি অস্ত্রের ওপর নির্ভরশীল না রেখে নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা তৈরির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেও ধরা হচ্ছে।

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন দীর্ঘদিন ধরেই দূরপাল্লার অস্ত্রের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে রুশ ভূখণ্ডের গভীরে সামরিক অবকাঠামো, সরবরাহব্যবস্থা ও অন্যান্য কৌশলগত স্থাপনায় হামলা করার সক্ষমতা ইউক্রেনের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

এই প্রেক্ষাপটে ইউক্রেনের দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে স্কাল্পের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি-সংক্রান্ত তথ্য ভাগাভাগির অনুমতি নতুন মাত্রা যোগ করতে পারে। সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%