সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:২২ পি.এম
রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ইসরায়েলের বর্তমান নিরাপত্তা হুমকিগুলোকে বিরোধীরা ‘খাটো করে দেখছেন’ বলে অভিযোগ করেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষায় আবারও জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে লিকুদ পার্টির সাপ্তাহিক বৈঠকের আগে গণমাধ্যমকে দেওয়া এক বিরল বিবৃতিতে নেতানিয়াহু এ মন্তব্য করেন। তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং ‘ইয়াশার’ দলের চেয়ারম্যান গাদি আইজেনকোট ‘ইরানের পক্ষ থেকে ইসরায়েলের ওপর তাৎক্ষণিক কোনো হুমকি নেই’—এমন মন্তব্য করার পর নেতানিয়াহু এই কড়া প্রতিক্রিয়া জানালেন।
নেতানিয়াহু বলেন, ‘আমাদের চারপাশে যে বিশাল হুমকিগুলো রয়েছে, তা মোকাবিলা করে রাষ্ট্রের অস্তিত্ব নিশ্চিত করার সক্ষমতা নির্ভর করছে আমাদের ঐক্যের ওপর। আমাদের চারপাশে থাকা এই তাৎক্ষণিক, কঠিন ও গুরুতর হুমকিগুলোকে যারা উপহাস বা খাটো করে দেখছেন, তারা স্রেফ রাজনৈতিক কারণে তা করছেন।’
অতি-রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স) দলগুলোকে অন্তর্ভুক্ত করে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেন, সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের (কনস্ক্রিপশন) মতো স্পর্শকাতর বিষয়ে সব পক্ষকে নমনীয়তা দেখাতে হবে। উল্লেখ্য, অতি-রক্ষণশীল দলগুলো বাধ্যতামূলক সামরিক সেবার বিরোধী হলেও আইজেনকোটের জোট এর পক্ষে।
এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য প্রতিটি পক্ষকেই সমঝোতায় পৌঁছানোর মতো নমনীয়তা দেখাতে হবে। বিশেষ করে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিষয়ে আমাদের অতি-রক্ষণশীল ভাইদের সঙ্গে মিলেই একটি সমাধানে আসতে হবে। তাদের অবশ্যই এই ঐক্যের সরকারের অংশ হতে হবে।’
গত মাসের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নতুন জোট সরকার গঠনের লক্ষ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি বর্তমানে আইজেনকোটের ‘ইয়াশার’ দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যদিও এতে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। এর আগে নেতানিয়াহু ঐক্যের সরকারের ডাক দিয়ে শর্ত দিয়েছিলেন যে, তার বিদায়ী জোটের সব দলকে সরকারে রাখতে হবে এবং তাকেই প্রধানমন্ত্রী পদে বহাল রাখতে হবে।
এদিকে, সমান্তরালভাবে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করার প্রচেষ্টা চালিয়েছিলেন নেতানিয়াহু, যা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আটকে দিয়েছে বলে জানা গেছে। বিরোধীদের অভিযোগ, নতুন সরকার গঠনের প্রক্রিয়া বিলম্বিত করতেই নেতানিয়াহু আরেকটি সংঘাত বাধানোর চেষ্টা করছেন।
সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে নেতানিয়াহু আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল যেকোনো সরকার গঠনের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন। আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুলে তিনি দাবি করেন, এমন কোনো সরকার হামাস বা ইরানকে মোকাবিলা করতে সক্ষম হবে না।
আরব-নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টের আইনপ্রণেতা আহমদ তিবি ও ওফের কাসিফের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘একটি জায়নবাদী সরকার আহমদ তিবি, ওফের কাসিফ বা তাদের সহযোগীদের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না। যে সরকার ইহুদি রাষ্ট্রের ভবিষ্যতের জন্য লড়াই করতে চায়, তারা কখনোই এমন লোকদের ওপর নির্ভর করতে পারে না যারা এই রাষ্ট্রকে ধ্বংস করতে চায়। এটি ধর্ম, বর্ণ বা লিঙ্গের বিষয় নয়; এটি আদর্শের বিষয়।’
ইরানের তাৎক্ষণিক হামলা ও সামরিক পদক্ষেপের প্রয়োজন দেখছেন না আইজেনকোট
অন্যদিকে, ‘ইয়াশার’ দলের চেয়ারম্যান গাদি আইজেনকোট নিজ দলের এক বৈঠকে বলেছেন, নতুন সরকার গঠনের আগে ইরানের পক্ষ থেকে এমন কোনো তাৎক্ষণিক হুমকি তিনি দেখছেন না, যার জন্য জরুরি সামরিক পদক্ষেপ নিতে হবে। এর পরিবর্তে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের দিকে ইসরায়েলের নজর দেওয়া উচিত বলে তিনি মত দেন।
আইজেনকোট বলেন, ‘ইরানের দিক থেকে সবচেয়ে বড় হুমকি হলো তাদের ৪৪০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম, যা এখনো ধ্বংস বা অপসারণ করা হয়নি। আমাদের সেদিকেই মনোযোগ দেওয়া প্রয়োজন।’
জোট গঠনের আলোচনার বিষয়ে আইজেনকোট স্পষ্ট জানিয়ে দেন, তার দল কোনো রাজনৈতিক সমঝোতা নয়, বরং ‘প্রকৃত ঐক্যের’ লক্ষ্যে কাজ করবে। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন, সবার জন্য সমান সামরিক সেবা, নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন এবং গণতন্ত্র রক্ষার প্রশ্নে তার দল কোনো আপস করবে না।
এছাড়া, নিহত সেনাদের শোকসন্তপ্ত পরিবারগুলোকে লক্ষ্য করে চালানো ‘বিষাক্ত বক্তব্যের’ তীব্র নিন্দা জানান আইজেনকোট। লিকুদ পার্টির প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি সম্প্রতি ইয়াশার দলের এমপি ও নিহত সেনা আনের শাপিরার মা শিরা শাপিরাকে উদ্দেশ্য করে এক পোস্টে লেখেন, তিনি ‘তার ছেলের হত্যাকারীদের পালে হাওয়া দেওয়া ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন’। নেতানিয়াহু ও অন্যান্য মন্ত্রীরা এর নিন্দা না করায় ক্ষোভ প্রকাশ করে আইজেনকোট বলেন, ‘শোকসন্তপ্ত পরিবারগুলোকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখা উচিত।’
পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘নৈরাজ্য ও নিয়ন্ত্রণহীনতা’ আখ্যা দিয়ে আইজেনকোট বলেন, এ ধরনের কর্মকাণ্ড বসতিগুলোর ক্ষতি করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ আফ্রিকার পেসারদের দুর্দান্ত বোলিংয়ের মুখোমুখি হয়ে দাঁড়াতে পারল না বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি মাত্র ৯১ রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে সর্বাধিক রান সংগ্রহ করেন মাহফিজুল ইসলাম।
চা বিরতির আগে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তৃতীয় সেশনে এসে শান্তর দল সেই ধারাবাহিকতা বজায় রাখে। সফরকারীরা মাত্র ৬ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারায়।
শেষ সেশনে রাবাদা ৩ উইকেট দখল করেন এবং ইয়ানসেন একটি উইকেট নেন। বাংলাদেশের হয়ে মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। তাদের মধ্যে মাহদিজুল ইসলাম সর্বোচ্চ ২৩ রান করেন। তাওহীদ হৃদয় ১৯ এবং মুমিনুল ১৮ রান সংগ্রহ করেন।
এর আগে দ্বিতীয় সেশনে ইয়ানসেন ও নরকিয়ার বোলিংয়ের কাছে বাংলাদেশ দিশেহারা হয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকার পক্ষে রাবাদা ও ইয়ানসেন ৩টি করে উইকেট নেন। নরকিয়া দুটি উইকেট দখল করেন এবং মুল্ডার ও হার্মার একটি করে উইকেট পান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ব্রিফিং দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সময়ে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া সম্পর্কেও বিদেশি কূটনীতিকদের অবহিত করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আমন্ত্রিতদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। এরপর সাইবার সুরক্ষা আইন নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে আমন্ত্রিতদের ব্রিফ করা হবে, যেখানে তাদের মতামতও জানতে চাওয়া হবে।
ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের এই ব্রিফিংয়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ঘটেছে। টস হেরে ব্যাটিং শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল ৩৩.৩ ওভারে ৯১ রানে অলআউট হয়ে যায়।
বাংলাদেশের প্রথম সারির ৬ ব্যাটসম্যান ৮৫ রানে আউট হয়ে যাওয়ার পর দলটি কোণঠাসা হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ৯১ রানে অলআউট হয়।
সিরিজের প্রথম টেস্টে কাগিসো রাবাদা টাইগার শিবিরে ধস নামিয়েছিলেন। চলতি টেস্টে রাবাদা এখনও উইকেট শিকারের সুযোগ পাননি। তার আগেই সতীর্থ মার্কো জেনসেন, এনরিক নর্টজে এবং ওয়েন মুল্ডার। এই তিনজন পেসার ইতোমধ্যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ভেঙে চুরমার করে দিয়েছেন।
দলীয় ৬ রানে তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরে যান। এরপর ৩৬ রানের একটি জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম। চার রানের ব্যবধানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফিরে যান।
দলীয় ৬০, ৭৩ এবং ৮৫ রানে সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ, উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় আউট হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুর ১ নম্বরে একটি যাত্রীবাহী বাস, যার নাম বসুমতি পরিবহন, আগুনের কবলে পড়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসটিতে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুরে বাসে আগুন লাগার খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
শাহ আলী থানার এক এসআই জানিয়েছেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ