প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রায়ের তারিখ আগামী ১৫ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।
ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি. এম. তারিকুল কবীর বুধবার (৩০ সেপ্টেম্বর) দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তারিখ নির্ধারণ করেন।
দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জানিয়েছেন, "আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি। আমরা প্রত্যাশা করছি, আদালত তাকে সর্বোচ্চ ১০ বছরের সাজা দেবেন।"
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম দাবি করেছেন, দুদক সিয়ামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি। তিনি বলেন, "আমরা আশা করছি, আদালত তাকে খালাস দেবেন।" সিয়ামের নামে অভিযোগে যে সম্পত্তির কথা বলা হয়েছে, তার কোনোটি প্রমাণ করতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালত মামলায় দুদকের ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে। এর আগে গত ১৭ জুন সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
২০২৫ সালের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। তদন্তে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়ার কথা জানায় দুদক।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সিয়ামকে গত ২০ জানুয়ারি গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন