প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একটি আন্তর্জাতিক দক্ষতা যাচাই পরীক্ষা কেন্দ্র হিসেবে চীনা ভাষার এইচএসকে পরীক্ষা চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটকে এই পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে, যা চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চীনা ভাষা সম্মেলনে ঘোষণা করা হয়। এর ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চীনে উচ্চশিক্ষা ও সরকারি বৃত্তিপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য চীনা ভাষার দক্ষতা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হবে।
গত ১৩-১৫ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬’-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। সম্মেলনে কনফুসিয়াস ইনস্টিটিউটকে এইচএসকে (হানইউ শুইপিং কাওশি) পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষার আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম এবং চীনা পরিচালক সহযোগী অধ্যাপক ঝাং শি।
সম্মেলনটি চীনের বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় দুই হাজার প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে বিভিন্ন দেশের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং চীনা ভাষা শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। দেড় হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব ছিল এই সম্মেলনে।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘চাইনিজ: মোর দ্যান আ ল্যাঙ্গুয়েজ’। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বক্তব্য রাখেন। সম্মেলনে আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর ভাষা শিক্ষা, আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সম্মেলনের বিভিন্ন অধিবেশন ও আলোচনায় অংশগ্রহণ করে। সেখানে আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা, এইচএসকে পরীক্ষা কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, "এইচএসকে চীনা ভাষায় দক্ষতা মূল্যায়নের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষা।" তিনি আরও বলেন, "চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ, চীনা সরকারি বৃত্তির জন্য আবেদন এবং চীনা ভাষার দক্ষতা প্রয়োজন এমন পেশাগত ক্ষেত্রে এ পরীক্ষার সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
তিনি উল্লেখ করেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এইচএসকে পরীক্ষা আয়োজনের সুযোগ সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের চীনা ভাষা শিক্ষার্থীরাও উপকৃত হবেন।" বিশেষ করে চীনে উচ্চশিক্ষা ও বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের ভাষাগত যোগ্যতা অর্জন ও মূল্যায়নের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চীনের হংহে বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এ ইনস্টিটিউটের মাধ্যমে চীনা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন