প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি মো. সজিব মোল্যাকে আটক করার পর থানা থেকে মুক্ত করার জন্য স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের বিরুদ্ধে তদবির ও জিম্মাদার হওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া থানা-পুলিশ সজিব মোল্যাকে আটক করে এবং একই দিন রাতের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়।
আটক সজিব মোল্যা লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. রউফ মোল্যার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিয়ার রহমানকে সাক্ষী হিসেবে রেখে এবং একই ইউনিয়ন বিএনপির নেতা ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমানের জিম্মায় সজিবকে থানা থেকে মুক্ত করা হয়। এ ছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্রও থানায় জমা দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং তারা এর তীব্র নিন্দা জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিয়ার রহমান ও ইউপি সদস্য মিজানুর রহমান সজিবকে মুক্ত করার বিষয়টি অস্বীকার করেন। মশিয়ার রহমান জানান, ‘আমি নিজের কাজে থানায় গিয়েছিলাম, কাউকে ছাড়াতে যাইনি।’ মিজানুর রহমানও এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সজিবকে পুলিশের কাছ থেকে ছাড়ানোর কোনো প্রশ্নই আসে না। শুনেছি সজিব নাকি জামায়াতের কর্মী এবং উপজেলা জামায়াতের নেতা প্রত্যয়ন দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন। তবে বিএনপির কোনো নেতা এর সঙ্গে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে প্রত্যয়নপত্র দেওয়ার বিষয়ে অস্বীকার করেছেন লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. হাদিউজ্জামান। তিনি বলেন, ‘আমি কোনো প্রত্যয়নপত্র দিইনি এবং এ বিষয়ে ওসির সঙ্গে আমার কোনো কথা হয়নি। কে বা কারা আমার স্বাক্ষর জাল করে ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছে, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
তবে ভিন্ন তথ্য দিয়েছেন লোহাগড়া পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইমরান হোসাইন। তিনি বলেন, ‘সজিব ২০২৩ সালের পর থেকে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে বর্তমানে জামায়াতের কর্মী হিসেবে কাজ করছেন।’
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘উপজেলা জামায়াতের আমির হাদিউজ্জামানের লিখিত প্রত্যয়নপত্র এবং পৌর জামায়াতের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন সজিবকে নলদী ইউনিয়নের জামায়াতের কর্মী হিসেবে দাবি করেন। পরবর্তীকালে নলদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমানকে সাক্ষী রেখে ইউপি সদস্য ও বিএনপি নেতা মিজানুর রহমানের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন