প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গৃহবধূ খুশি খাতুন (৪১) তার হারিয়ে যাওয়া পোষা পার্সিয়ান বিড়ালটির জন্য পোস্টার তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। বিভিন্ন উপায়ে যোগাযোগ ও খোঁজাখুঁজি করেও বিড়ালটির সন্ধান না পাওয়ার পর তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) হারানো সেই প্রিয় পোষা বিড়ালটি উদ্ধার করা হয়। পরে পুলিশ সেটি খুশি খাতুনের কাছে বুঝিয়ে দেয়।
গৃহবধূ খুশি খাতুন পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর কাবলী মওলা রোডের রেজাউল করিমের স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুশি খাতুনের পোষা বিড়ালটি নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে বিড়ালটি আর বাড়িতে ফিরে আসেনি। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ করেও বিড়ালটির সন্ধান না পাওয়ায় এলাকায় হারানো বিজ্ঞপ্তির পোস্টার টাঙানো হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
হারানো বিজ্ঞপ্তি প্রচারের পর ওমা খাতুন নামে এক নারী একটি মোবাইল নম্বর থেকে খুশির মোবাইলে ফোন করেন। তিনি জানান, হারিয়ে যাওয়া বিড়ালটি তার কাছে রয়েছে এবং বিড়ালটি অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসাও করিয়েছেন।
খুশি বিড়ালটির অবস্থান ও ঠিকানা জানতে চাইলে ওই নারী সঠিক ঠিকানা না দিয়ে ফোনটি বন্ধ করে দেন। পরে বিভিন্নভাবে যোগাযোগ ও খোঁজাখুঁজি করেও বিড়ালটির সন্ধান না পাওয়ায় খুশি খাতুন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ করেন।
বিড়ালটি ফিরে পেয়ে খুশি খাতুন বলেন, "অনেক দিন ধরে বিড়ালটিকে খুঁজেছি। বিজ্ঞাপন দেওয়ার পর যখন জানতে পারলাম এটি একজনের কাছে আছে, তখন আশা জেগেছিল। পরে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আমি খুব চিন্তায় ছিলাম। শেষ পর্যন্ত আমার বিড়ালটি ফিরে পেয়েছি, এটাই সবচেয়ে বড় আনন্দ।"
খুশি খাতুনের মেয়ে সাদিয়া করিম জানান, এক বছর আগে এক আত্মীয় তাদের পার্সিয়ান বিড়ালের দুটি বাচ্চা উপহার দিয়েছিলেন। তখন থেকে তারা বিড়ালগুলোকে লালন-পালন করে আসছেন। বিড়াল ছানা দুটি তাদের খুব প্রিয় ও আপন হয়ে গেছে। এর মধ্যে একটি বিড়াল গত ৩ সেপ্টেম্বর হারিয়ে যায়। হারানোর পর তারা খুব কষ্ট পাচ্ছিলেন। অবশেষে বিড়ালটি খুঁজে পেয়ে তারা খুব আনন্দিত।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ কাজ শুরু করে। তদন্তের এক পর্যায়ে বিড়ালটি শহরের একটি বাসা থেকে উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন