প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক কেজি ইলিশ কিনতে কৃষকের আড়াই মণ ধান
জেলেরা সাগরে দিন-রাত মাছ ধরার কাজ করেন, যা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আসে। ঝড়-জলোচ্ছ্বাস, উত্তাল ঢেউ এবং জলদস্যু আতঙ্কের মধ্যে তারা শত শত, কখনও কখনও হাজার হাজার পিস ইলিশ নিয়ে ঘাটে ফিরে আসেন।
কিন্তু, বর্তমানে সেই ইলিশ তাদের পরিবারের পাতে উঠছে না।
তথ্য সংগ্রহ করে জানা গেছে, দেশের দ্বিতীয় বৃহত্তম মাছের বাজার বরগুনার পাথরঘাটায় বর্তমানে এক কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে প্রায় তিন হাজার টাকায়। কখনও কখনও এর দাম আরো বেশি হয়ে থাকে। ফলে সাগর থেকে ইলিশ ধরে আনলেও বাজারে বিক্রি করে সংসারের খরচ, দাদন এবং ঋণের কিস্তি শোধ করতে জেলেদের হিমশিম খেতে হচ্ছে।
এটি শুধু জেলেদের জন্য নয়, কৃষক এবং স্বল্প আয়ের মানুষের পরিবারেও ইলিশ পাতে উঠছে না।
পাথরঘাটা সদর ইউনিয়নের জিনতলা গ্রামের জেলে কালাম সরদার আক্ষেপ করে বলেন, “সাগরে গিয়ে শত শত, হাজার হাজার ইলিশ মাছ ধরি। কিন্তু দাদন, কিস্তি আর ঋণের কথা মনে পড়লেই আর মাছ খেতে পারি না। আমরা শুধু মাছ ধরি, কিন্তু খেতে পারি না।”
এমন অভিযোগ করেছেন অধিকাংশ জেলে ও খেটে খাওয়া মানুষ। মধ্যঘুটাবাছা গ্রামের ক্ষুদ্র কৃষক আফেজ উদ্দিন বলেন, “ইলিশের ঘাঁটি পাথরঘাটায় আমরা ইচ্ছে করলেও ইলিশ কিনে খেতে পারি না। বাজারে ধানের দর ১২০০ টাকা। এজন্য আড়াই মণ ধান বিক্রি করে তবে একটা এক কেজির ইলিশ কেনা লাগে। এইটা আমাদের সাধ্যর বাইরে।”
জেলেরা জানান, একটি ইলিশের পেছনে তাদের রয়েছে দীর্ঘ শ্রম এবং জীবনের ঝুঁকি। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে কখনও ঝড়-জলোচ্ছ্বাস, কখনও উত্তাল ঢেউ; আবার কখনও জলদস্যুর হামলার আশঙ্কা নিয়ে তাদের সাগরে থাকতে হয়। অনেক সময় দুর্ঘটনায় প্রাণও যায় জেলের।
সম্প্রতি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার উল্টে যায়। ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে অন্য ট্রলারের সহায়তায় আটজনকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয় পাঁচ জেলের।
এমন দুর্ঘটনা উপকূলের জেলেদের জীবনে নতুন কিছু নয়। জেলেদের ভাষ্য, জীবনের ঝুঁকি নিয়ে সাগর থেকে মাছ ধরে আনলেও সেই মাছের ন্যায্য মূল্য এবং নিজেদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয় না। আড়তদার এবং মহাজনের দাদন, ঋণের কিস্তি, ট্রলারের খরচ এবং সংসারের ব্যয় মেটাতে গিয়ে মাছ বিক্রি করে দিতে হয়। ফলে ইলিশের মৌসুম এলেও নিম্ন আয়ের জেলেদের ঘরে ইলিশের স্বাদ জোটে না।
কালাম সরদারের মতো পাথরঘাটার বহু জেলের আক্ষেপ—যে মাছ ধরতে গিয়ে জীবন দিতে হয়, সেই মাছই পরিবারের সবাই মিলে খাওয়ার সামর্থ্য নেই। তাদের কাছে ইলিশ এখন আর শুধু মাছ নয়; এটি তাদের জীবিকার প্রতীক। আবার একইসঙ্গে দারিদ্র্য এবং ঋণের নির্মম বাস্তবতারও প্রতিচ্ছবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন