প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনির একটি মহিলা মাদ্রাসার ভিতরে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হয়ে যাওয়ায়, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এই ঘটনায় ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ সকালেও শিক্ষার্থীরা প্রতিদিনের মতো গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় আসে। সকালের সময়ে আচমকা মাদ্রাসার ভেতরের আঙিনায় (মাদ্রাসার ভিতরে অবস্থিত ইমন সরদারের বসতঘরের সামনে) বিকট শব্দ তৈরী করে একটি হাতবোমা বিস্ফোরিত হয়। বোমার প্রচণ্ড শব্দে পুরো আশপাশ এলাকা কেঁপে ওঠে।
এ বিস্ফোরণের ফলে মাদ্রাসার অন্তত চারজন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে দায়িত্বরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের জন্য নির্দেশ দেন।
ঘটনার পরপরই কালকিনি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ শুরু করে এবং এলাকা ঘিরে ফেলে রাখে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, 'খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মূল কারণ এবং এর পেছনে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ও সিআইডির বিশেষ দল কাজ শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন