প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মর্যাদাপূর্ণ সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং প্রতিযোগিতা ২০২৭’ (Eurovision Song Contest) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে নেদারল্যান্ডস। ইসরায়েলের অংশগ্রহণ ঘিরে তীব্র ভূরাজনৈতিক বিতর্ক ও সংবেদনশীলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাচ পাবলিক ব্রডকাস্টার এনপিও (NPO) এই খবর নিশ্চিত করেছে।
এনপিও-এর মিডিয়া ডিরেক্টর জুরে বসমান এক বিবৃতিতে বলেছেন, “আমরা অনেক দিন ধরেই জানি যে ইসরায়েলের অংশগ্রহণ সমাজে নানা ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে এবং এটি সমাজে আলোচনা ও বিভাজনের সৃষ্টি করেছে।” তিনি উল্লেখ করেন যে, ব্রডকাস্টার বোর্ডের সঙ্গে আলোচনা করার পরই আগামী বছর প্রতিযোগিতায় অংশ না নেওয়ার এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্বে, গত আগস্ট মাসে ডাচ ব্রডকাস্টার এভ্রোত্রোস (AVROTROS) প্রতিযোগিতাটি বয়কটের ঘোষণা দিয়েছিল। তখন তারা জানায়, এই প্রতিযোগিতাটিকে আর ‘নিরপেক্ষ’ হিসেবে বিবেচনা করা সম্ভব নয়। যদিও গত মাসে এনপিও সাময়িকভাবে দায়িত্ব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা বলেছিল, কিন্তু মঙ্গলবার তারা সেই অবস্থান থেকে সরে এসেছে।
এনপিও-এর নির্বাহী চেয়ারম্যান জেট দে রানিতিজ এই সিদ্ধান্তে ভক্তরা হতাশ হতে পারেন বলে স্বীকার করেছেন। তবে তিনি জানান, প্রতিযোগিতার মূল অনুষ্ঠানটি ডাচ পাবলিক চ্যানেলে যথারীতি সম্প্রচার করা হবে। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতির নানা সংবেদনশীলতার কথা মাথায় রেখে আমরা সাময়িকভাবে এক ধাপ পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে ২০২৬ সালের ইউরোভিশন প্রতিযোগিতাও বয়কট করেছিল নেদারল্যান্ডস। সেবার তাদের সঙ্গে আইসল্যান্ড, স্পেন, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়াও প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নেয়। এর মধ্যে আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া অনুষ্ঠানটির সম্প্রচারও সম্পূর্ণ বর্জন করে। আয়োজক কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী, কোনো দেশ সশস্ত্র সংঘাতে জড়ালে বা ভূরাজনৈতিক নিরাপত্তার সংকটে পড়লে তাদের আয়োজক হওয়া থেকে বিরত রাখার বিধান থাকলেও বয়কট ও ক্ষোভ থামছে না। আয়ারল্যান্ড ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা টানা দ্বিতীয় বছরের মতো আগামী বছরের প্রতিযোগিতায় অংশ নেবে না।
বিশ্বের সবচেয়ে বড় এই লাইভ টেলিভিশন সংগীত আসরটি ১৯৫৬ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। অতীতে এবিএ (ABBA) এবং সেলিন ডিয়নের মতো বিশ্বখ্যাত শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেতে বড় ভূমিকা রেখেছে। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন