প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলা উপজেলার নয়া পাড়া গ্রামে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নির্মূলে পুলিশ ও এলাকাবাসীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তির বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এলাকায় মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সাবেক ইউপি সদস্য মহসিন মোড়লের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল রাহিত, সাংবাদিক হাবিবুর রহমান, ডা. সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, সমাজ ও স্থানীয় সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভা শেষে পুলিশ ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে নয়া পাড়া গ্রামে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা এলাকায় মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা এবং সামাজিকভাবে মাদক নির্মূলে কাজ করবেন বলে সভায় জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন