প্রিন্ট এর তারিখঃ ৩১শে অক্টোবর, ২০২৬ইং; ০৪:৩১ এম || প্রকাশের তারিখঃ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ১১:৫৮ এম
তেঁতুলিয়ায় জনবল সংকটে পল্লী উন্নয়ন বোর্ড, ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা কার্যালয় ও পল্লী জীবিকায়ন অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। গুরুত্বপূর্ণ ছয়টি পদের বিপরীতে বর্তমানে মাত্র একজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। সীমিত জনবল নিয়েও নিয়মিত দাপ্তরিক কার্যক্রম ও সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হলে সেবার মান ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সেবাগ্রহীতা ও স্থানীয়রা।
উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, হিসাবরক্ষক, উপজেলা প্রকল্প কর্মকর্তা, উপ-প্রকল্প কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে ছয়টি পদের বিপরীতে একজন কর্মকর্তাকেই বিভিন্ন দাপ্তরিক কাজ, প্রকল্পের কার্যক্রম এবং উপকারভোগীদের সেবা দিতে হচ্ছে।
জনবল সীমিত থাকলেও দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখতে নিয়মিত ফাইল নিষ্পত্তি, প্রকল্পের কাজ তদারকি এবং উপকারভোগীদের বিভিন্ন সেবা দেওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। পাশাপাশি বিভিন্ন সরকারি দায়িত্বও পালন করতে হচ্ছে তাকে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী বলেন,
“ছয়টি পদের বিপরীতে বর্তমানে একজন কর্মরত থাকায় কাজের চাপ অনেক বেশি। একই সঙ্গে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। এরপরও যথাসাধ্য চেষ্টা করছি, যাতে সেবা নিতে আসা মানুষকে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়।”
সেবাগ্রহীতা রহিমা বেগম বলেন,
“স্যার আন্তরিকভাবে আমাদের কাজ করে দেন। জনবল আরও বাড়ানো হলে সেবা নিতে এসে আমাদের অপেক্ষার সময়ও কমবে।”
সেবাগ্রহীতা হোসনে আরা বলেন,
“এখানে কর্মকর্তা কম থাকলেও আমাদের সঙ্গে ভালো আচরণ করা হয় এবং কাজ করে দেওয়ার চেষ্টা করা হয়। আরও কর্মকর্তা-কর্মচারী থাকলে সেবাটা আরও দ্রুত পাওয়া যাবে।”
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন,
“জনবল কম থাকায় বিভিন্ন কাজে এসে কখনো অপেক্ষা করতে হয়। দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ বা পদায়ন করা হলে সাধারণ মানুষ আরও দ্রুত সেবা পাবেন।”
স্থানীয়দের মতে, পল্লী উন্নয়ন বোর্ড ও পল্লী জীবিকায়ন কার্যক্রম গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা গেলে এসব কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, তেঁতুলিয়ার মানুষের সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে শূন্য পদগুলোতে দ্রুত যোগ্য জনবল পদায়ন করা হবে। এতে একদিকে কর্মকর্তার ওপর কাজের চাপ কমবে, অন্যদিকে সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজে সরকারি সেবা পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"