প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চার জন চিফ জুডিসিয়াল ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্তমানে প্রায় ১৫ হাজার মামলার বিচারকাজ পরিচালনা করছেন। বিচারক সংকট, অতিরিক্ত দায়িত্ব পালন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন অনুপস্থিত থাকা এবং বিচার প্রার্থীদের বিড়ম্বনাসহ বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত। যদিও সমস্যা বিদ্যমান, তবে বর্তমানে মামলার বিচার ও নিষ্পত্তি যথেষ্ট সহজ হচ্ছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উল্লেখ করেছেন, "দ্রুত সময়ের মধ্য সব সংকট ও সমস্যার সমাধান হবে।"
২০০৭ সালের ১ নভেম্বর থেকে চুয়াডাঙ্গায় চিফ জুডিসিয়াল ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই নানা সমস্যার মধ্যে দিয়ে বিচার কার্যক্রম চলছে এবং মামলার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ফলে বিচার প্রার্থীরা নিয়মিত আদালতে আসছেন। নানা সমস্যার মাঝেও বর্তমানে মামলার জট নিরসন ও বিচার সম্পন্ন করার জন্য দায়িত্বরত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন।
চিফ জুডিসিয়াল আদালতের অধীনস্থ সব আদালতের বিচার কার্যক্রম চলছে জজ কোর্ট ভবনের ছোট ছোট কয়েকটি জরাজীর্ণ ঘরে। বর্তমানে একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৩টি পদের মধ্যে ১টি এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ পদের মধ্যে ২টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ৭টি পদের বিপরীতে ৪ জন বিচারক দায়িত্ব পালন করছেন। একজন বিচারককে একসাথে ৩-৫ কোর্টের দায়িত্ব পালন করতে হচ্ছে। ৪ জন বিচারক সমন্বয় করে ১৭টি কোর্টের দায়িত্ব পালন করছেন।
চিফ জুডিসিয়াল আদালতের অধীনস্থ সব আদালতে বর্তমানে ১৪৭৯১টি মামলা বিচারাধীন রয়েছে। বিচারক সংকটসহ বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘ সময় ধরে মামলার বিচার কার্যক্রম শেষ না হওয়ায় মামলার জট বাড়ছে। চিফ জুডিসিয়াল আদালত ভবন অনুপস্থিত থাকার কারণে গাদাগাদি করে ছোট ছোট ঘরে বিচার কার্যক্রম চলছে। অতিরিক্ত দায়িত্বে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা সামারি ট্রায়াল মামলার বিচার কার্যক্রম পরিচালনা করছেন। ৫টি কোর্টে এ পর্যন্ত ৬০০ সামারী ট্রায়াল মামলার বিচার সম্পন্ন হয়েছে। ১৯ বছর ধরে চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ভবন নির্মাণ হয়নি। ফলে সমস্যাগুলি সব ক্ষেত্রে দৃশ্যমান হচ্ছে।
বিচার প্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে মামলা চলমান থাকার কারণে তাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের পরিবেশ বিচারের উপযোগী নয়। ছোট ছোট ঘরে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। টয়লেট ব্যবস্থা নাজুক এবং অপেক্ষা করার মতো যথেষ্ট জায়গা নেই। এর মাঝেও তারা আশার আলো দেখতে পাচ্ছেন। এক বছর ধরে সমস্যার মধ্যে বিচার ব্যবস্থায় গতি ফিরেছে। তারা দ্রুত বিচারক নিয়োগের দাবি জানাচ্ছেন।
চুয়াডাঙ্গা জজ কোর্টের দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা জানান, একজন বিচারককে তিন থেকে পাঁচটি কোর্টের দায়িত্ব পালন করতে হয়। একসাথে এত দায়িত্ব পালন করা সম্ভব না হলেও বিচারকরা তা সম্ভব করে তুলছেন। নিয়মিত মামলার পাশাপাশি বর্তমানে সামারি ট্রাইল কোর্টের কার্যক্রমও তাদের দেখতে হচ্ছে। আইনজীবী ও বাদী-বিবাদীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। যেখানে বিচারকরা বসে তাদের দায়িত্ব পালন করেন, সেগুলো ব্যবহারের অনুপযোগী। তারা চান সব সমস্যার সমাধান হোক।
পাবলিক প্রসিকিউটর মো. মারুফ সরোয়ার বাবু জানান, নানা সমস্যার মাঝেও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিচারব্যবস্থা স্বাভাবিক রয়েছে। চুয়াডাঙ্গাতে এখনো চিফ জুডিশিয়াল ভবন নির্মাণ হয়নি। মামলার জট বিদ্যমান রয়েছে। চারজন বিচারক দিয়ে ১৫ হাজার মামলা পরিচালনা করা কঠিন। বিষয়টি নিয়ে আইনমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন