প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিমানবাহিনীর ১০ম বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন ৩৯ জন কর্মকর্তা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোরের বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এ এই কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রশিক্ষণ সম্পন্ন করা কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন। বক্তব্যে তিনি প্রশিক্ষণ অর্জনের জন্য কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ভবিষ্যতের উড্ডয়ন কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। নিরাপত্তার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর তিনি জোর দেন।
বিমানবাহিনী সূত্রে জানা যায়, কোর্সে অংশ নেওয়া ৩৯ কর্মকর্তার মধ্যে ১৫ নম্বর স্কোয়াড্রনের ১৪ জন এবং ১৮ নম্বর স্কোয়াড্রনের ২৫ জন বৈমানিক অন্তর্ভুক্ত রয়েছেন।
কে-৮ডব্লিউ যুদ্ধবিমানের মাধ্যমে পরিচালিত বেসিক জেট ও ফাইটার কনভার্সন কোর্সে বৈমানিকদের যুদ্ধবিমান পরিচালনার বিভিন্ন কৌশল শেখানো হয়। এই কৌশলের মধ্যে রয়েছে গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন, এয়ার টু গ্রাউন্ড ও এয়ার টু এয়ার ফায়ারিং, ফাইটার গ্রাউন্ড অ্যাটাক, বেসিক ফাইটার ম্যানুভার এবং এয়ার কমব্যাট ম্যানুভার। অপরদিকে, বেল-২০৬ ও এডব্লিউ-১১৯ হেলিকপ্টারের মাধ্যমে বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সে হেলিকপ্টার পরিচালনার বিভিন্ন কৌশল শেখানো হয়।
অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিকল্পনা), সহকারী বিমানবাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান সদরের সংশ্লিষ্ট পরিচালক, বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে, বিমানবাহিনী প্রধান যশোরে ঘাঁটিতে একটি ক্ষুদ্রাস্ত্রের ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন। পরে তিনি বিমানবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের আধুনিক ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র পরিদর্শন করেন এবং ফায়ারিং অনুশীলনে অংশ নিয়ে সেগুলোর কার্যকারিতা যাচাই করেন। ঘাঁটির অপারেশনাল কার্যক্রমের আওতায় নির্মাণাধীন বিভিন্ন স্থাপনাও তিনি পরিদর্শন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন