প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের পরিকল্পনা করছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য প্রদান করেন।
স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী উল্লেখ করেন, সরকারের পরিকল্পনা রয়েছে প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার।
প্রস্তাবিত সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, বার কাউন্সিলের মতো প্রেস কাউন্সিলও সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি অনলাইন ডেটাবেইস তৈরির ক্ষমতা লাভ করবে। পাশাপাশি, সাংবাদিকদের পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করার জন্য তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও প্রতিষ্ঠানটিকে দেওয়া হতে পারে।
তথ্যমন্ত্রী জানান, মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করার জন্য আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানা সহ সুনির্দিষ্ট শাস্তির বিধান আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। এর আওতায় মিথ্যা, হয়রানিমূলক প্রতিবেদন এবং সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হবে।
এছাড়া, সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন করে অথবা জনস্বার্থ ক্ষুণ্ন করে সংবাদ প্রকাশ বা মুদ্রণ করা হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে নিজ উদ্যোগে তদন্ত শুরু এবং প্রয়োজনীয় আদেশ দেওয়ার ক্ষমতা পাবে প্রেস কাউন্সিল। গুজব, ভুয়া খবর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রেও এই ক্ষমতা প্রয়োগের প্রস্তাব রয়েছে।
এদিকে, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজে সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শ করছে।
তিনি বলেন, এসব সংগঠনের পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেইস তৈরির পরিকল্পনা রয়েছে। সরকার মনে করে, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করার উপযুক্ত পক্ষ সাংবাদিক সংগঠনগুলো।
প্রতিমন্ত্রী আরো বলেন, কে কোন পেশায় প্রবেশ করতে পারবেন কিংবা মানুষ কিভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়।
তিনি বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। একই সঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন