প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষা প্রতিষ্ঠান, অসহায় পরিবার এবং চিকিৎসাসেবার প্রয়োজন থাকা ব্যক্তিদের সহায়তায় নানা ধরনের মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে দীঘিনালা জোন।
বুধবার (১০ জুন ২০২৬) সকালে দীঘিনালা জোনের আয়োজনে এক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ও দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন সাব জোন কমান্ডার মেজর তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি এবং জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লা আল আজমী।
কর্মসূচির আওতায় ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা এবং দারুল উলুম শাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় চাল, আটা, চিনি, তেল ও ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে মো. বাচ্চু মিয়া ও ক্রিস ত্রিপুরাকে ৫ হাজার টাকা করে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
অন্যদিকে, আগুনে ক্ষতিগ্রস্ত ও জরাজীর্ণ বসতঘর পুনর্নির্মাণে সহায়তার লক্ষ্যে অন্তনিতা চাকমা, বাকী রাম ত্রিপুরা, মোছা. জাহেরা খাতুন, গৌরিকা বালা চাকমা, ফুলেকা চাকমা এবং মার্জিনা বেগমের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, সেনাবাহিনী শুধু নিরাপত্তা রক্ষার দায়িত্বই পালন করে না, বরং মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবেও কাজ করে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও দীঘিনালা জোন জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন সহায়তা শুধু আর্থিক স্বস্তিই দেয় না, বরং দুর্গত ও অসহায় মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন