প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সউদী আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ৬৬টি রিক্রুটমেন্ট এজেন্সির কার্যক্রম স্থগিত করেছে এবং একটির লাইসেন্স বাতিল করেছে। এ সিদ্ধান্তটি গ্রাহকদের টাকা ফেরত দিতে বিলম্ব, অভিযোগের সমাধান না করা এবং নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে। ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকে পরিচালিত তদারকি ও তল্লাশি অভিযানের ফলস্বরূপ মোট ৬৭টি এজেন্সির বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, রিক্রুটমেন্ট ও শ্রমিক সেবা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন, গ্রাহকদের পাওনা টাকা ফেরত দিতে দেরি করা এবং সেবাগ্রহীতাদের করা অভিযোগের সমাধান না করার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থার মুখে পড়া ৬৭টি এজেন্সির মধ্যে ৬৬টিকে অবিলম্বে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, নির্দিষ্ট সময়ের মধ্যে অনিয়ম শুধরে নিতে ব্যর্থ হওয়ায় ১টি এজেন্সির লাইসেন্স সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগকর্তা ও শ্রমিক উভয় পক্ষের অধিকার সুরক্ষিত আছে কি না এবং রিক্রুটমেন্ট অফিস ও কোম্পানিগুলো সঠিক নিয়মনীতি অনুসরণ করছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে। সংস্থাটি স্পষ্ট করে জানায় যে, রিক্রুটমেন্টের নিয়ম কিংবা অন্য যেকোনো আইন অমান্যকারী এজেন্সির বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে।
সরকার এই পদক্ষেপগুলো গ্রহণ করেছে শ্রমবাজারে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, রিক্রুটমেন্ট সেবার মান উন্নত করার জন্য এবং এজেন্সিগুলো যেন তাদের চুক্তিভিত্তিক দায়িত্ব সঠিকভাবে পালন করে, তা নিশ্চিত করার উদ্দেশ্যে।
গৃহকর্মী নিয়োগ ও অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহীতা এবং নিয়োগকর্তাদের সরকারের অনুমোদিত 'মুসানেদ' প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির সঙ্গে ইলেকট্রনিক চুক্তি সম্পাদন করতে পারবেন। এছাড়া, সেবা প্রদানকারী সংস্থাকে রেটিং দেওয়া, আবেদনের আপডেট ট্র্যাক করা এবং নিয়ম লঙ্ঘনের ঘটনা রিপোর্ট করার সুযোগও রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মটি পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে এবং নিবন্ধিত লাইসেন্সধারী এজেন্সির সঙ্গে নিরাপদ লেনদেনে গ্রাহকদের সহায়তা করবে। সউদী শ্রমবাজারকে আরও নির্ভরযোগ্য, প্রতিযোগিতামূলক এবং টেকসই করে তোলার লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন