প্রিন্ট এর তারিখঃ ২ই নভেম্বর, ২০২৬ইং; ০৪:৫৪ এম || প্রকাশের তারিখঃ ৩১শে অক্টোবর, ২০২৬ইং; ০৬:২৫ পি.এম
সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, বিপাকে জমির মালিক ফেরদৌসী বেগম; নীরব ভূমি অফিস
নাটোর সদর উপজেলার ধরাইল ইউনিয়নের ধরাইল এলাকায় সরকারি রাস্তা ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে রাস্তা সংলগ্ন জমির মালিক ফেরদৌসী বেগমসহ স্থানীয়রা ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি নাটোর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ধরাইল মৌজার ২৩৫ নম্বর খতিয়ানের ৩৪০ নম্বর দাগে থাকা সরকারি রাস্তাটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ পথ দিয়ে স্থানীয় কৃষকরা গরু-মহিষের গাড়িতে ফসল আনা-নেওয়া এবং পায়ে হেঁটে যাতায়াত করেন।
অভিযোগকারী ফেরদৌসী বেগমের দাবি, তাঁর জমির পাশ দিয়ে থাকা সরকারি রাস্তার অংশ দখল করে বাড়ি নির্মাণ করায় তাঁর জমিতে চলাচল ও স্বাভাবিক ব্যবহারে জটিলতা সৃষ্টি হয়েছে। একইসঙ্গে রাস্তার আশপাশের ৩৩৫, ৩৩৬, ৩৩৭, ৩৩৮ ও ৩৩৯ নম্বর দাগেও দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ফেরদৌসী বেগম বলেন, “সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের কারণে আমি চরম ভোগান্তিতে পড়েছি। রাস্তা সংলগ্ন আমার জমি নিয়ে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। আমি চাই, সরকারি রাস্তার সঠিক সীমানা নির্ধারণ করে অবৈধ দখল থাকলে তা উচ্ছেদ করা হোক এবং আমার জমির স্বাভাবিক অধিকার নিশ্চিত করা হোক।”
এ ঘটনায় মোছাঃ আকলিমা বেগম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আবেদন করেন। পরে বিষয়টির সমাধান না হওয়ায় নাটোর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হয়। মামলাটি ৭(২) পি/২৬ নম্বরে এবং ফৌজদারি কার্যবিধির ১০৭/১৪৪/১৪৫ ধারায় দায়ের করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি রাস্তা দখলের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসে জানানো হলেও দীর্ঘদিনেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সরকারি রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ করে দখল হয়ে থাকলে তা উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে নাটোর সদর সহকারী কমিশনার (ভূমি) ফরাদ হোসেন বলেন, “সরকারি রাস্তায় বসতবাড়ি নির্মাণ করার কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করছি।”
এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, দ্রুত সরেজমিন তদন্ত করে সরকারি রাস্তার সঠিক সীমানা নির্ধারণ, অবৈধ দখল থাকলে তা উচ্ছেদ এবং জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"