ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দাউদকান্দিতে খিরা চাষে কৃষকদের লাভের প্রত্যাশা


দাউদকান্দিতে খিরা চাষে কৃষকদের লাভের প্রত্যাশা

কুমিল্লার দাউদকান্দিতে মৌসুমী ফসল খিরা চাষে কৃষকেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। মাঠজুড়ে সবুজের সমারোহ দেখা যাচ্ছে। কিছু জমিতে কৃষকরা খিরাগাছের পরিচর্যায় ব্যস্ত, আবার কোথাও গাছে ঝুলছে কচি খিরা। অন্যদিকে, কিছু জমিতে ফলন আসতে শুরু করেছে। কৃষকেরা সেই খিরা তুলে বাঁশের তৈরি ঝুড়িতে সাজিয়ে স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছেন। কেউ সরাসরি ক্রেতার কাছে বিক্রি করছেন, আবার কেউ পাইকারদের কাছে বিক্রি করছেন। নতুন ফসলের আগমনে কৃষকদের মনে ভালো ফলন ও লাভের প্রত্যাশা রয়েছে, তবে তারা বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলার চিন্তাও করছেন।

উপজেলার দাউদকান্দি উত্তর, গৌরীপুর, সুন্দলপুর, বারপাড়া ও ইলিয়টগঞ্জ উত্তর ও বিটেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবারও খিরার আবাদ করেছেন কৃষকেরা। দাউদকান্দি বাজারসহ বিভিন্ন বাজারে ইতিমধ্যে নতুন খিরা উঠতে শুরু করেছে। বাজারে বাঁশের ঝুড়িতে সাজানো সবুজ ও লালচে আভাযুক্ত টাটকা খিরা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। সতেজ রং ও কচকচে স্বাদের এই সবজির ভালো মানের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।

সম্প্রতি বিটেশ্বর ইউনিয়নের তিনপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক সাইফুল ইসলাম নিজের খেতে গাছের পরিচর্যা ও খিরা সংগ্রহে ব্যস্ত রয়েছেন। গত বছরের সাফল্য তাঁকে এবার বড় পরিসরে খিরা চাষে উৎসাহিত করেছে।

আরও পড়ুন: কৃষি দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ভিত্তি: সমাজকল্যাণমন্ত্রী

সাইফুল ইসলাম জানান, গত বছর ১০ শতাংশ জমিতে খিরা চাষ করে তিনি ভালো ফলন পেয়েছিলেন এবং লাভবানও হয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে এবার তিনি অন্যের ৩৩ শতাংশ জমি চুক্তিতে নিয়ে উন্নত জাতের খিরা চাষ করছেন। এ পর্যন্ত তাঁর প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহর ওপর ভরসা রেখে নিয়মিত পরিচর্যা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন বাজারে খিরা বিক্রিও শুরু করেছেন। খিরার আকার, রং ও মান ভালো হওয়ায় তিনি অন্য অনেক চাষির তুলনায় কিছুটা বেশি দাম পাচ্ছেন বলে জানান।

এছাড়াও তিনপাড়া গ্রামের জাকির ও বরকোটা গ্রামের সোলমান মিয়া সহ এই এলাকার অনেক কৃষক লাভের আশায় খিরা চাষ করেছেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর দাউদকান্দিতে খিরা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৯০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছিল ৪০০ হেক্টরে। চলতি বছর খিরা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০০ হেক্টর জমিতে। এরই মধ্যে আবাদ হয়েছে ৩৬০ হেক্টরে। এখনো কিছু এলাকায় খিরা চাষ শুরু হওয়ায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী কৃষি বিভাগ।

দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা বলেন, এ উপজেলায় আগেও খিরা চাষ করে কৃষকেরা ভালো ফলন পেয়েছেন। এবারও চাষের পরিমাণ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। যেসব কৃষক জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন, তাঁদের খিরাগাছে পোকামাকড়ের আক্রমণ বাড়তে পারে। তাই কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পরিমিত সার ও প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহার করলে পোকামাকড়ের আক্রমণ কমানো এবং ভালো ফলন পাওয়া সম্ভব। চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: জকিগঞ্জে সরকার ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার রায় মেনে নিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার রায় মেনে নিতে হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ‘রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে নিতে বাধ্য মিয়ানমার।’

আজ শুক্রবার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও উল্লেখ করেন, ‘এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের ফিরে যাবার নিরাপদ পথ তৈরি করতে চায় সরকার। বাংলাদেশ নিজ দেশে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য সকল অংশীদারদের সাথে জোর দিয়ে কাজ করবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ন্যায়বিচার ও জবাবদিহিতার পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে আন্তর্জাতিক বিচার আদালতের রায় একটি মাইলফলক। এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘আমরা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বহুমাত্রিক অংশীজনদের সঙ্গে জোরালোভাবে কাজ করছি। এ রায় নিরাপত্তা পরিষদে আসার সম্ভাবনা রয়েছে। আমরা জাতিসংঘ এবং অংশীজনসহ সবার সঙ্গে এ বিষয়ে জোরালোভাবে যোগাযোগ রাখব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদে হুতি ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত সউদী জোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


রিয়াদে হুতি ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত সউদী জোট

সউদী আরবের রাজধানী রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সউদী নেতৃত্বাধীন জোটের বাহিনী একাধিক হুতি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। রাজধানীর বাণিজ্যিক এলাকায় একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার এক দিন পর, দেশটি দ্বিতীয় রাতের মতো হামলার মুখে পড়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) জোটের পক্ষ থেকে জানানো হয়, সউদী আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রিয়াদ ও দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছিল জোট। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াদের একটি ভবনসহ বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, ইয়েমেনের রাজধানী সানায় গত দুই দিনে হামলায় ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ও সউদী নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সংঘাতের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে নিহতের সংখ্যা ও হামলার পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি খাতে দীর্ঘস্থায়ী হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেছেন, এই সংকট বিশ্ব জ্বালানি খাতে ‘দীর্ঘস্থায়ী ছাপ’ ফেলবে। সংকট যত দীর্ঘ হবে, এর প্রভাবও তত গভীর হবে বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৪৮ বিলিয়ন ডলার ব্যয় হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন সিনেটের রিপাবলিকান সদস্যরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিনেটে ৪৮-৫১ ভোটে প্রস্তাবটি নাকচ হয়। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাওয়ার কয়েক সপ্তাহ আগে এ ভোট অনুষ্ঠিত হলো। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় বিএসএফ ফিরিয়ে নিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় বিএসএফ ফিরিয়ে নিল

মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৪ জনকে পুশইনের চেষ্টা করেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে রংমহল সীমান্তের ১৩৭ পিলারের কাছে এই পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে ওই ৪ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনে রংমহল বিওপির নায়েক সুবেদার জাহিদ হোসেন জানান, বিএসএফ চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। সীমান্তে দায়িত্বরত টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। বিজিবির তাৎক্ষণিক তৎপরতা এবং দৃঢ় অবস্থানের কারণে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়।

তিনি আরও জানান, পরে শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর রংমহল সীমান্তসহ সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কীর্তি সুরেশের অস্বস্তি, ‘সত্যবান সাবিত্রী’ সিনেমার মুক্তির তারিখ পরিবর্তিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


কীর্তি সুরেশের অস্বস্তি, ‘সত্যবান সাবিত্রী’ সিনেমার মুক্তির তারিখ পরিবর্তিত

চলতি বছরের জুলাই মাসে মুক্তির পরিকল্পনা ছিল দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশের অভিনীত ‘সত্যবান সাবিত্রী’ সিনেমার। তবে পরে মুক্তির তারিখ পরিবর্তন করে আজ শুক্রবার (২০ নভেম্বর) নির্ধারণ করা হয়েছে। একই দিনে মুক্তি পাচ্ছে ধনুশ ও সাই পল্লবী অভিনীত ‘ওম’ সিনেমাও। বক্স অফিসে এই দুটি সিনেমার প্রতিযোগিতা নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

চেন্নাইয়ে বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত একটি সাক্ষাৎকারে সিনেমার প্রচার অনুষ্ঠানে কীর্তি সুরেশ সহ-অভিনেতার আচরণ নিয়ে কথা বলেন। তার নতুন তামিল সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র প্রচারে গিয়ে অভিনেতা মিসকিনের আচরণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রচার অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিনেত্রীর অস্বস্তি এবং শারীরিক স্পর্শের সম্মতি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একটি অংশ।

সবকিছু মিলিয়ে আজ মুক্তি পাচ্ছে কীর্তি সুরেশ অভিনীত সিনেমা ‘সত্যবান সাবিত্রী’। এই সিনেমায় তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিসকিন। প্রচার অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। সেখানে একটি ভিডিওতে দেখা যায়, মিসকিন কীর্তির প্রশংসা করার সময় তার কোলে ও পায়ের ওপর বারবার হাত রাখছেন। সেই সময় অভিনেত্রীর মুখভঙ্গি দেখে নেটিজেনদের দাবি, তিনি অস্বস্তিতে পড়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এক নেটিজেন সামাজিক মাধ্যমে লিখেছেন— সামান্য স্পর্শেই কেন কীর্তিকে অস্বস্তিতে দেখা গেল? সিনেমার দৃশ্যে অনেক কিছু ঘটলেও বাস্তব জীবনে এমন আচরণে তার প্রতিক্রিয়া কেন আলাদা— এমন মন্তব্যও করেছেন তিনি। তবে অধিকাংশ নেটিজেন এই মন্তব্যের সঙ্গে একমত নন। বরং কীর্তির পাশে দাঁড়িয়ে তারা বলছেন, সিনেমার পর্দায় অভিনয়ের প্রয়োজনে শারীরিক স্পর্শ এবং বাস্তব জীবনে কারও অনুমতি ছাড়া স্পর্শ করা এক বিষয় নয়। একজন অভিনেত্রী পর্দায় কোনো দৃশ্যে অভিনয় করতে সম্মতি দিলেও বাস্তব জীবনে তার ব্যক্তিগত পরিসর ও সম্মতির অধিকার অক্ষুণ্ন থাকে।

অন্য এক নেটিজেন মন্তব্য করেছেন— ‘এটা বাস্তব জীবন, কোনো সিনেমার দৃশ্য নয়। মিসকিনের উদ্দেশ্য যা-ই হোক না কেন, কীর্তি তার আচরণে অস্বস্তি বোধ করে থাকলে তা প্রকাশ করার সম্পূর্ণ অধিকার তার রয়েছে।’

আরেকজন নেটিজেন সম্মতির বিষয়টি তুলে ধরে লিখেছেন— সিনেমার দৃশ্যে স্পর্শ করার আগে সংশ্লিষ্টদের মধ্যে সম্মতি থাকে। কিন্তু বাস্তব জীবনেও শারীরিক স্পর্শের ক্ষেত্রে সম্মতি প্রয়োজন। ফলে ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে কীর্তি সুরেশের ব্যক্তিগত পরিসর ও নারীর সম্মতির অধিকার নিয়ে আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%