প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ওমরাহ যাত্রীদের সৌদি আরবে নিয়ে যাওয়ার জন্য বিমানের টিকিট সরবরাহের ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মো. রবিউল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিবিআই জেলা পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পিবিআই জানায়, সোনারগাঁয়ের ‘রাহে কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী মো. আল আমিনের সঙ্গে ওমরাহ যাত্রীদের বিমানের টিকিট সরবরাহের জন্য ২ কোটি ১০ লাখ টাকার চুক্তি করে প্রতারক চক্রটি। চুক্তি অনুযায়ী সৌদি এয়ারলাইনসের টিকিট সরবরাহ করার কথা থাকলেও, প্রতারক চক্রটি মাত্র ৯ জনের যাওয়া-আসার টিকিট এবং ৭০ জনের শুধু যাওয়ার টিকিট সরবরাহ করেছে। পরবর্তীতে দেশে ফিরে আসতে ভুক্তভোগী হজ্ব যাত্রীদের নিজ খরচে আরও ৭১ লাখ ৮৭০ টাকা ব্যয় করতে হয়েছে। এছাড়া, বাকি ১৬৯টি টিকিট সরবরাহ না করায় অর্থ আত্মসাতের পরিমাণ ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকায় দাঁড়িয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জেলা পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের খুলশী থানাধীন ফিনলে আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাথরুমের ফলস ছাদের নিচে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করা হয় প্রতারক চক্রটির মূল হোতা রবিউল হোসেনকে। পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মোহাম্মদ রিফাত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পিবিআই জেলা পুলিশ সুপার আরও জানান, রবিউল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার আদালতে আটটি মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া, তার নামে বিভিন্ন ব্যাংকের ৯টি হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্যও তদন্তকারী দল পেয়েছে। আত্মসাৎ করা অর্থ বিদেশে পাচার করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রতারক চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন