প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৃত্যুর প্রায় অর্ধশতাব্দী পর গুয়াতেমালার নোবেলজয়ী লেখক মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াসের দেহাবশেষ তার নিজ দেশে ফিরেছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেখকের শেষ ইচ্ছা পূরণ এবং দীর্ঘ নির্বাসনের অধ্যায় শেষ করতে তার দেহাবশেষ দেশটিতে পৌঁছেছে।
গুয়াতেমালার সরকার বিভিন্ন সময়ে আস্তুরিয়াসের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানালেও, তার বংশধরেরা এতদিন তাতে সম্মতি দেননি। তবে ২০২৪ সালে ক্ষমতায় আসা প্রগতিশীল প্রেসিডেন্ট বের্নার্দো আরেভালোর নেতৃত্বে তারা অবশেষে রাজি হন।
আস্তুরিয়াসের নাতি সানদিনো আস্তুরিয়াস রয়টার্সকে বলেন, “সবাই মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াসকে পদকের মতো দেশে ফিরিয়ে আনতে চেয়েছে। আমরা সব সময়ই তাকে কারো রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করার সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছি।”
তিনি জানান, এবার সময়টি উপযুক্ত মনে হয়েছে। কারণ, আরেভালোর সংস্কারপন্থি সরকারের রাজনৈতিক আদর্শ আস্তুরিয়াসের নিজস্ব বিশ্বাসের সঙ্গে মিলে যায়।
গুয়াতেমালায় আরেভালোর নির্বাচনি বিজয় ছিল অপ্রত্যাশিত। তার এই বিজয় দেশটির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে। দীর্ঘদিন ধরে রক্ষণশীল দলগুলোর প্রাধান্য থাকা রাজনৈতিক ব্যবস্থায় নতুন প্রগতিশীল আন্দোলনের পথ তৈরি হয়েছে।
সানদিনো আস্তুরিয়াস বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবারই উপযুক্ত সময়। দেশের জন্য এবং সমাজের জন্য গুয়াতেমালার সাহিত্যের অন্যতম মহান ব্যক্তিত্বকে তার মাতৃভূমিতে ফিরিয়ে আনা ঐতিহাসিক ন্যায়বিচারের একটি অংশ।”
মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াস ১৮৯৯ সালে গুয়াতেমালা সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি মধ্য আমেরিকার একমাত্র সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৬৭ সালে সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।
লেখালেখির পাশাপাশি তিনি মধ্য ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে বামপন্থী সরকারপ্রধান জ্যাকোবো আরবেনজকে সমর্থন করায় তার নাগরিকত্ব কেড়ে নেয়া হয়। ১৯৫৪ সালে যুক্তরাষ্ট্রের সমর্থনে এক অভ্যুত্থানের মাধ্যমে আরবেনজকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
আস্তুরিয়াসের সাহিত্যকর্মে মায়া ঐতিহ্যের সমৃদ্ধি, অভিনব সাহিত্যিক কৌশল এবং স্বৈরশাসন, বৈষম্য ও রাজনৈতিক নিপীড়নের গভীর সমালোচনা উঠে এসেছে। এ কারণে তিনি বিংশ শতাব্দীর লাতিন আমেরিকার সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে বিবেচিত হন।
জীবনের শেষ বছরগুলো তিনি স্পেনের মাদ্রিদে কাটান। ১৯৭৪ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে সেখানেই তার মৃত্যু হয়। পরে প্যারিসের পের লাশেজ সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয়। সেখানে সংগীতশিল্পী জিম মরিসন, লেখক অস্কার ওয়াইল্ড এবং সুরকার ফ্রেদেরিক শোপাঁর সমাধিও রয়েছে।
চলতি মাসের শুরুর দিকে তার দেহাবশেষ কবর থেকে তুলে দাহ করার পর ফরাসি কর্তৃপক্ষ দেহভস্ম পরিবারের কাছে হস্তান্তর করে। গুয়াতেমালার সংস্কৃতি মন্ত্রণালয় তাকে স্মরণে চার দিনব্যাপী শ্রদ্ধা নিবেদনের আয়োজন করেছে।
আগাম রবিবার রাজধানী গুয়াতেমালা সিটির মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াস সাংস্কৃতিক কেন্দ্রে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে তার দেহভস্ম স্থাপন করা হবে বলেও জানিয়েছে রয়টার্স।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন