প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের আমদানি বাণিজ্যের ক্ষেত্রে এক বছরের ব্যবধানে চড়া সুদের বায়ার্স ক্রেডিট বেড়ে দাঁড়িয়েছে ৮২ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থবছরে বায়ার্স ক্রেডিটের মাধ্যমে আমদানি করা হয়েছিল ১ হাজার ৪০৩ কোটি ডলারের পণ্য।
২০২৫-২৬ অর্থবছরে আমদানি করা পণ্যের পরিমাণ ছিল ১ হাজার ৮৯৫ কোটি ডলার। আলোচ্য সময়ে দেশের বায়ার্স ক্রেডিটের পরিমাণ বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ। একই সঙ্গে মোট আমদানিতে বায়ার্স ক্রেডিটের অবদানও বৃদ্ধি পাচ্ছে।
তবে নগদ, অনুদান ও কম সুদের ঋণের মাধ্যমে আমদানি কমেছে। এই পরিস্থিতিতে পণ্য ও সেবার আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আমদানি পণ্যের দামও বাড়ছে।
২৬ নভেম্বর প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট আমদানি বাণিজ্যে বায়ার্স ক্রেডিটের অবদান বৃদ্ধি পাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে বায়ার্স ক্রেডিটের মাধ্যমে আমদানি করা হয়েছিল ১ হাজার ৪০৩ কোটি ডলারের পণ্য, যা ওই বছরে মোট আমদানি ব্যয়ের ২০ দশমিক ৮ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরে আমদানি করা পণ্যের পরিমাণ ছিল ১ হাজার ৮৯৫ কোটি ডলার, যা ওই বছরের মোট আমদানি ব্যয়ের ২২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বায়ার্স ক্রেডিট বেড়েছে প্রায় ৮২ কোটি টাকা বা ৫ দশমিক ৮ শতাংশ। একই সঙ্গে আমদানিতে বায়ার্স ক্রেডিটের অংশ বেড়েছে ১ দশমিক ২ শতাংশ।
প্রতিবেদন থেকে দেখা যায়, টাকার হিসাবে আলোচ্য সময়ে বায়ার্স ক্রেডিট বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ, যা ডলারের হিসাবের তুলনায় বেশি। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে টাকার হিসাবে ঋণ বৃদ্ধি পেয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে গড়ে ডলারের দাম ছিল ১২০ টাকা ৮০ পয়সা। গত অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১২২ টাকা ৩০ পয়সায়। ওই সময়ে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ১ টাকা ৫০ পয়সা বা ১ দশমিক ২৫ শতাংশ।
সূত্র জানায়, আমদানিকারকরা যেসব বৈদেশিক ঋণের ব্যবস্থা করে পণ্য আমদানি করেন, সেগুলোকে বায়ার্স ক্রেডিট হিসাবে চিহ্নিত করা হয়। এসব ঋণের বড় অংশ বিদেশি পণ্য সরবরাহকারীর কাছ থেকে নেওয়া হয়। এই কারণে এসব ঋণের বিপরীতে সুদের হার বেশি।
বড় অংশই বৈদেশিক মুদ্রা আকারে নেওয়া হয় না। পণ্যের মাধ্যমে নেওয়া হয়। ফলে ঋণের অর্থের বহুমুখী ব্যবহার না হয়ে এককভাবে পণ্য আমদানির ভিত্তিতে ব্যবহৃত হয়। এসব ঋণ বেশি মাত্রায় ব্যবহারের ফলে আমদানি পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এতে আমদানি পণ্যের কারণে মূল্যস্ফীতিতে চাপ বাড়ছে।
তুলনামূলকভাবে বহুপাক্ষিক সংস্থা ও বাণিজ্যিক ব্যাংক থেকে আমদানি ঋণ নিলে সুদের হার কম পড়ে। বায়ার্স ক্রেডিটে সুদের হার সাধারণত ৬ থেকে ৮ শতাংশ, ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নিলে সুদের হার ৩ থেকে ৫ শতাংশ। বহুপাক্ষিক সংস্থা থেকে ঋণ নিলে দেড় থেকে ৪ শতাংশ সুদ দিতে হয়। অনুদানের অর্থে কোনো সুদ দিতে হয় না।
প্রতিবেদন থেকে জানা যায়, এক বছরের ব্যবধানে নগদ আকারে পণ্যের আমদানি ব্যয় কমেছে দশমিক ৫০ শতাংশ। মূলত নগদ অর্থে আমদানি কম হওয়ায় এমনটি হয়েছে। সহজ শর্তের ঋণ ও অনুদানের মাধ্যমে আমদানি কমেছে ২৮ শতাংশ। বাংলাদেশকে দেওয়া উন্নয়ন সহযোগীদের অনুদান কমে গেছে। ফলে এ খাতে অর্থ ছাড় কমেছে।
জ্বালানি তেল আমদানিতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এ খাতে আমদানি খরচ বেড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন