প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপান ও ভারত সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। দুই দেশের মধ্যে সামরিক ও অস্ত্রশিল্পে সহযোগিতা জোরদার করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায়, ভবিষ্যতে যৌথ সামরিক মহড়ার সময় জাপানি সেনারা ভারতের ফায়ারিং রেঞ্জে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) টোকিওতে অনুষ্ঠিত দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই বৈঠকটি ‘টু-প্লাস-টু’ নামে পরিচিত, যেখানে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি, পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারত ও জাপান সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের নিরাপত্তা, প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। দুই দেশই যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘কোয়াড’ জোটের সদস্য, যার মূল উদ্দেশ্য হচ্ছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়া। বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি বলেন, "পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করতে চায়।"
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, প্রতিরক্ষা শিল্পে দুই দেশের সহযোগিতা ‘জাপানের সঙ্গে নকশা, ভারতে উৎপাদন’ (ডিজাইন উইথ জাপান, মেক ইন ইন্ডিয়া) নীতির আওতায় পরিচালিত হবে। এর মাধ্যমে জাপানের প্রযুক্তি ও নকশা কাজে লাগিয়ে ভারতে সামরিক সরঞ্জাম উৎপাদনে সহযোগিতা বৃদ্ধি করা হবে।
দ্বীপরাষ্ট্র জাপানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত নিরাপদ জায়গার অভাব রয়েছে। এ কারণে দেশটি এমন প্রতিরক্ষা অংশীদার খুঁজছে, যারা তাদের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে সরাসরি গোলাবর্ষণ বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুশীলন করতে সক্ষম হবে। এই ধরনের প্রশিক্ষণ জাপানি সেনাদের ক্ষেপণাস্ত্র ব্যবহারের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। এ বছর অস্ট্রেলিয়ার সঙ্গে একই ধরনের একটি সমঝোতা স্বাক্ষর করেছে জাপান।
চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা মোকাবিলায়, জাপান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। এর অংশ হিসেবে চলতি বছর তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় মোতায়েন করা ‘টাইপ-১২’ ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।
এছাড়া, নিরাপত্তা ও প্রতিরক্ষা জোরদার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশলের অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধের পর থেকে অনুসরণ করা শান্তিবাদী নীতিতে পরিবর্তন এনেছে জাপান। দেশটি প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে।
বৃহস্পতিবারের বৈঠকে জাপান ও ভারতের চার মন্ত্রী প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হন। তাঁরা জাপানি নৌবাহিনীর ‘ইউনিকর্ন’ নামের রেডিও অ্যান্টেনা ভারতে হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা, তথ্য আদান-প্রদান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, নৌযান নির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন