১২:৩৪ পি.এম
যুক্তরাষ্ট্র সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে, হুথি গোষ্ঠীর সম্ভাব্য হামলা এবং বিমান চলাচলে বিঘ্নের আশঙ্কার কারণে। বিশেষভাবে বিমানবন্দরে হামলা, আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বাতিলের ঝুঁকি বিবেচনায় তাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার সৌদি আরবে মার্কিন মিশন একটি নিরাপত্তা সতর্কবার্তায় এই পরামর্শ প্রদান করে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব হামলায় বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা ঘটেছে এবং যাতায়াতব্যবস্থায় গুরুতর বিঘ্ন সৃষ্টি হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে এবং সংঘাত বর্তমান এলাকার বাইরেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এতে নতুন নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হওয়ার পাশাপাশি বাণিজ্যিক বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মায়ামিতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
মার্কিন মিশন নাগরিকদের বিমানবন্দর হামলা, আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং যাতায়াতে বিঘ্নের বিষয়ে সতর্ক থাকতে বলেছে। সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের সিদ্ধান্ত নিলে চরম সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে। এই জোটের সঙ্গে হুথি গোষ্ঠীর সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তাটি প্রকাশিত হয়েছে।
২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য কয়েকটি এলাকা দখল করে নেয়। এর পর থেকে ২০১৫ সালের মার্চ মাস থেকে গোষ্ঠীটির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।
আরও পড়ুন: ট্রাম্প: ইরান যুদ্ধের কারণে রিপাবলিকানদের নির্বাচনে ভরাডুবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন