প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রবণপ্রতিবন্ধী শিশুদের অধিকার, সুরক্ষা এবং সামগ্রিক বিকাশ নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞরা দ্রুত শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা এবং প্রয়োজনীয় থেরাপির গুরুত্ব তুলে ধরেছেন। একই সঙ্গে, এসব শিশুর উন্নয়ন ও সমাজের মূলধারায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চিকিৎসক, অডিওলজিস্ট, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে।
দিনব্যাপী ‘ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা ও অভিভাবকদের অংশগ্রহণমূলক কর্মসূচি ২০২৬’-এ বক্তারা এসব বিষয় নিয়ে আলোচনা করেন।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের বিএম ক্যাফেটেরিয়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ককলিয়ার ইমপ্লান্ট সোসাইটি অব বাংলাদেশ (সিআইএসবি) আয়োজিত এ অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে হিয়ারিং অ্যান্ড স্পিচ সলিউশনস (এইচএসএস)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইএনটি বিভাগের সাবেক চেয়ারম্যান ও ওটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএমইউর ইএনটি ও ওটোলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. নাসিমা আখতার, দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) ও ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা মনোয়ারা বেগম, বিএমইউর সিনিয়র অডিওলজিস্ট জেসমিন আরা, হিয়ারিং অ্যান্ড স্পিচ সলিউশন্স এবং অ্যাডভান্সড ইনস্টিটিউট অব রিহ্যাবিলিটেশন সায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম ও পরিচালক এস এম তৌফিক আবির।
অনুষ্ঠানটির সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা শিশুর অভিভাবক এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. সাদেকীন হাবীব বাপ্পী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার উল্লেখ করেন, ককলিয়ার ইমপ্লান্টের পর শিশুদের শ্রবণ ও বাক্বিকাশের জন্য নিয়মিত থেরাপি, যথাযথ পরিচর্যা এবং অভিভাবকদের ধৈর্য ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চিকিৎসক, অডিওলজিস্ট ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন। এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য সিআইএসবিকে ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথি অধ্যাপক ডা. নাসিমা আখতার বলেন, শ্রবণপ্রতিবন্ধী শিশুদের দ্রুত সমস্যা শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। তিনি অভিভাবকদের আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানান। পাশাপাশি ককলিয়ার ইমপ্লান্ট ব্যবহারকারী শিশুদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার গুরুত্বের ওপর তিনি জোর দেন।
হিয়ারিং অ্যান্ড স্পিচ সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র অডিওলজিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ককলিয়ার ইমপ্লান্ট ও হেয়ারিং এইড ডিভাইসের নিয়মিত যত্ন, প্রোগ্রামিং এবং থেরাপি শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, এ ধরনের মিলনমেলা অভিভাবকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। ভবিষ্যতেও সিআইএসবির উদ্যোগে এইচএসএস পাশে থাকবে বলে আশ্বাস দেন।
মধ্যাহ্নভোজের বিরতির পর বিশেষজ্ঞ অডিওলজিস্টদের সঙ্গে অভিভাবকদের মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের বক্তব্য, সম্মাননা স্মারক প্রদান, শিশুদের মধ্যে উপহার বিতরণ, অডিটরি ভার্বাল থেরাপি (এভিটি) এবং ককলিয়ার ইমপ্লান্ট ও হেয়ারিং এইড ডিভাইসের পরিচর্যাবিষয়ক কার্যক্রম পরিচালিত হয়।
শেষ পর্বে ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা ও হেয়ারিং এইড ব্যবহারকারী শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন