প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের (এসডিএফ) বিভিন্ন কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতি বন্ধের উদ্দেশ্যে ১৩ দফা দাবি তুলে ধরেছে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। সংগঠনটি প্রায় ১ হাজার ১৬৫ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরতদের হয়রানি বন্ধের এবং অভিজ্ঞ জনবলকে কাজে লাগিয়ে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়েছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে প্রকাশিত লিখিত বক্তব্যে বলা হয়, সংগঠনটি কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা প্রশাসনিক দুর্বলতার পক্ষে নয়। বরং এসডিএফের স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পক্ষে তাদের অবস্থান। অভিযোগ থাকলে তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। ব্যক্তিবিশেষের অনিয়মের দায় কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপিয়ে দেওয়া কিংবা নিরপরাধ কর্মীদের হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংগঠনটির ১৩ দফা দাবির মধ্যে রয়েছে—মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি, ভীতি প্রদর্শন ও প্রতিহিংসামূলক আচরণ বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা প্রদান; চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ বাণিজ্য বন্ধ; ল্যাপটপসহ সব ধরনের কেনাকাটায় অনিয়মের শাস্তি নিশ্চিত করা এবং পদোন্নতিতে স্বজনপ্রীতি বন্ধ করা।
এছাড়া গ্রাম সমিতির জন্য বরাদ্দ করা টাকা ফেরত নেওয়া বন্ধ, দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং এসডিএফের মালামাল বিক্রি বন্ধের দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়ন না হলে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের অবিলম্বে পদত্যাগের আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, এসডিএফের দীর্ঘদিনের অভিজ্ঞ জনবল, বিদ্যমান অবকাঠামো, কমিউনিটি সংগঠন এবং মাঠপর্যায়ের কার্যক্রম কাজে লাগিয়ে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা সম্ভব। প্রায় ১ হাজার ১৬৫ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিরাপত্তার সঙ্গে তাঁদের পরিবারের জীবিকা, সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ জড়িত। তাঁদের দীর্ঘদিনের শ্রম, মেধা, অভিজ্ঞতা ও অবদান যথাযথভাবে মূল্যায়ন করা রাষ্ট্র ও প্রতিষ্ঠানের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব।
সংগঠনটি অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সংশ্লিষ্ট সচিব এবং এসডিএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি বিষয়টির মানবিক, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক গুরুত্ব বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিজ্ঞ জনবলকে বাদ দিয়ে নয়, বরং তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এসডিএফের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী ও আহ্বায়ক মো. আব্দুল মতিন মিয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন