প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি সকল ধরনের ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।
শুক্রবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের জন্য নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ সময় অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং দর্শকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সাধারণ সম্পাদক এ এন এম মারুফ আবদুল্লাহ।
অনুষ্ঠানে শিশুরা একটি ডিসপ্লে প্রদর্শন করে। পরে আইজিপি বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় জুডো ও উশু—উভয় ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। অন্যদিকে কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানার্সআপ হয়েছে সিএমপি।
গত ৮ নভেম্বর (রোববার) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন