প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরে মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে পাট ক্ষেতের মধ্যে জবাই করে হত্যা করার অভিযোগে ৭ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে, মৃত্যুদণ্ডে দণ্ডিতদের ৫০ হাজার টাকা করে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন রায় ঘোষণা করেন। এই রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন— সাখাওয়াত (২৩), সোহেল (২১), আল আমিন (২১), সাদ্দাম (২১), উজ্জ্বল (২১), অন্তর (২১) এবং ফয়জুর (২৩)। অপরদিকে, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন— চাঁন মিয়া (৩১), মো. জিয়ার (৩৬), শাহ আলম (২০), কাওসার (২২), রিফাত (২২), সুমন (২১) এবং মোস্তফা (৪০)।
তাদের সকলের বাড়ি মাদারগঞ্জ উপজেলার গজারিয়া এলাকায়।
আদালত এবং এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ মে রাতে উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া এলাকায় আসামিরা মহর আলী ও স্বপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান গান-বাজনার কথা বলে। পরে আসামি সাদ্দামের কথিত প্রেমিকাকে তুলে আনার কথা বলে তাদের বানিয়াপাড়া চর এলাকায় একটি পাটখেতে নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে মহর আলীকে কুপিয়ে এবং পরে জবাই করে হত্যা করা হয়।
একইভাবে স্বপন মিয়াকে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পরে, ১৯ মে, পাটখেত থেকে পুলিশ তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশের দীর্ঘ তদন্তের পর ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ৭ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
নিহত মহর আলী ছিলেন গজারিয়ার আব্দুস সালাম দফদারের ছেলে এবং মির্জা আজম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে স্বপন মিয়া একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং সানাইবান্দা ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা আপন চাচা-ভাতিজা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম বলেন, মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে ৭ জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মৃত্যুদণ্ডে প্রাপ্তদের ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন প্রাপ্তদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন