প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করার কাজ শুরু হয়েছে। এ উদ্যোগের উদ্দেশ্য হল ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পূরণ করা এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও পিএসসির মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। পিএসসি সচিবালয়ের পক্ষে উপসচিব (প্রশাসন) মো. ওয়াসিমুল বারী এবং ডেসকোর পক্ষে কোম্পানি সচিব প্রকৌশলী এস এম শাহসুলতান এ চুক্তিতে স্বাক্ষর করেন।
জানা গেছে, ‘বিডা-ডেসকো মডেল’-এ কমিশন ভবনের ছাদে ১২০ দশমিক ৯৬ কিলোওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর ফলে ভবনের ছাদ ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ উল্লেখ করেন, কমিশন ভবনের ছাদে ১৪ হাজার ২৮৪ বর্গফুট জায়গায় সৌর প্যানেল স্থাপন করা হলে ১০ হাজার ৮০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে কমিশন ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমবে। বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এ উদ্যোগ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পিএসসির একাধিক সদস্য, যুগ্ম সচিব, উপসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ডেসকোর নির্বাহী পরিচালক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন