প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার যুক্ত করতে চলেছে, যা দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের অপেক্ষার বিষয় ছিল। ব্যবহারকারীরা এখন থেকে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠানোর জন্য পূর্বনির্ধারণ করতে পারবেন। এর ফলে, জন্মদিনের শুভেচ্ছা, বিবাহবার্ষিকীর বার্তা অথবা গুরুত্বপূর্ণ স্মরণবার্তা পাঠাতে নির্দিষ্ট সময়ে অনলাইনে থাকার প্রয়োজন হবে না।
মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস, উইন্ডোজসহ আনুষ্ঠানিকভাবে সমর্থিত অন্যান্য প্ল্যাটফর্মে এই সুবিধাটি চালু হবে।
নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে ১০ মিনিট থেকে সর্বোচ্চ ১৪ দিন আগ পর্যন্ত মেসেজ পাঠানোর সময় নির্ধারণ করতে পারবেন। এখানে শুধু লেখা নয়, ছবি ও ভিডিও পাঠানোর সময়ও আগে থেকে ঠিক করে রাখা যাবে।
যেভাবে সময় নির্ধারণ করবেন
ফিচারটি ব্যবহারের জন্য প্রথমে স্বাভাবিক নিয়মে মেসেজ লিখতে হবে। এরপর সেন্ড বাটন চেপে ধরে রাখলে নির্ধারিত সময়ে মেসেজ পাঠানোর অপশন পাওয়া যাবে। সেখান থেকে পছন্দের তারিখ ও সময় নির্বাচন করে মেসেজটি নির্ধারিত তালিকায় যুক্ত করা যাবে।
হোয়াটসঅ্যাপে এ জন্য আলাদা ‘শিডিউলড মেসেজেস’ বিভাগ থাকবে। সেখানে ব্যবহারকারীরা পাঠানোর অপেক্ষায় থাকা মেসেজগুলো দেখতে পারবেন। চাইলে নির্ধারিত সময়ের আগে সেগুলো পর্যালোচনা কিংবা মুছেও ফেলতে পারবেন।
ফোন বন্ধ থাকলেও যাবে মেসেজ
নিরাপত্তার বিষয়টিও হোয়াটসঅ্যাপ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত মেসেজও সাধারণ কথোপকথনের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ মেসেজের বিষয়বস্তু পড়তে পারবেন না।
এছাড়া, মেসেজ পাঠানোর নির্ধারিত সময়ে প্রেরকের ফোনের চার্জ শেষ হয়ে গেলেও তা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। প্রাপকের কাছে মেসেজটি সাধারণ হোয়াটসঅ্যাপ মেসেজ হিসেবেই দেখা যাবে।
তবে নতুন ফিচারটি ধাপে ধাপে চালু করা হবে। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে সুবিধাটি একসঙ্গে নাও আসতে পারে।
সূত্র: সামা টিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন