ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র মারুফ হোসেন নিহত


দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র মারুফ হোসেন নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় ২১ বছর বয়সী কলেজছাত্র মারুফ হোসেন নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাতে, দাউদকান্দি উপজেলার গৌরীপুর চন্দ্রবান ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে এই দুর্ঘটনাটি ঘটে।

মারুফ হোসেন, যিনি দাউদকান্দি উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা মাসুদ রানার ছেলে, দাউদকান্দি শহীদ নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: একাধিক কাজী নিয়োগের খসড়া বাতিলের দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

হাইওয়ে পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মারুফ নিজের মোটরসাইকেল চালিয়ে কুমিল্লা থেকে দাউদকান্দির দিকে যাচ্ছিলেন। গৌরীপুর চন্দ্রবান ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে পৌঁছানোর পর তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেলটি সড়কের ওপর উল্টে গেলে, হেলমেট না থাকায় মারুফ মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার (১৬ নভেম্বর) সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় বলেন, "হেলমেট না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনার স্থলে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"

ওসি প্রেমদাস রায় আরও জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল না। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ​সরকারি খরচে মালয়েশিয়ায় যাওয়া ১ হাজার ‘জুলাই যোদ্ধা’ কারা? অস্বচ্ছতা ও নাম প্রকাশের দাবিতে প্রশ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরাধ দমনে ঠাকুরগাঁও ডিবি ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আকতারুল ইসলাম আক্তার, নিজস্ব প্রতিনিধি:

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


অপরাধ দমনে ঠাকুরগাঁও ডিবি ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ মোঃ হুমায়ুন কবির (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) রাতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোদাদাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলের নেতৃত্বে ডিবির একটি দল ভুল্লী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ৪ নম্বর দেবীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিশাকুড়ি গ্রামের নিজ বসতবাড়ির বাইরের উঠান থেকে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হুমায়ুন কবির (৪৩) খালিশাকুড়ি (পোস্ট অফিস পাড়া) গ্রামের মৃত গাজীমদ্দিনের ছেলে।

এ সময় তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল তালাশ বিডিকে বলেন, মাদক ও অপরাধ দমনে ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধমুক্ত ঠাকুরগাঁও গড়তে ডিবি পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

এ ঘটনায় ভুল্লী থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের ফাঁদে গুপ্তচরবৃত্তি ও হত্যার ষড়যন্ত্র: হানিট্র্যাপের সাত দুর্ধর্ষ গল্প

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


প্রেমের ফাঁদে গুপ্তচরবৃত্তি ও হত্যার ষড়যন্ত্র: হানিট্র্যাপের সাত দুর্ধর্ষ গল্প

প্রথমে পরিচয়, এরপর বন্ধুত্ব। ধীরে ধীরে ঘনিষ্ঠতা, একসময় প্রেম। কিন্তু যে সম্পর্ককে ভালোবাসা বলে মনে হচ্ছে, তার আড়ালে হয়তো চলছে অন্য কোনো পরিকল্পনা। রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করা, রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার ছক বাস্তবায়ন কিংবা অর্থ-সম্পদের লোভে কাউকে অপরাধে জড়িয়ে ফেলা- প্রেম ও বিশ্বাসকে হাতিয়ার করে এমন ফাঁদ পাতার কৌশলই পরিচিত ‘হানিট্র্যাপ’ নামে।

বাস্তব জীবনে গুপ্তচরবৃত্তি ও অপরাধজগতের সঙ্গে বহুদিন ধরেই জড়িয়ে আছে এই কৌশল। সিনেমার পর্দাতেও বিষয়টি পেয়েছে নানা মাত্রা। কখনো সুন্দরী নারীকে ব্যবহার করে শত্রুপক্ষের কাছ থেকে গোপন তথ্য আদায় করা হয়েছে, কখনো প্রেমের অভিনয় করতে গিয়ে নিজেরাই আবেগের জালে আটকা পড়েছেন গুপ্তচররা। আবার কোনো কোনো গল্পে প্রেমের ফাঁদে পা দিয়ে জীবন ওলটপালট হয়েছে সাধারণ মানুষের। হলিউড থেকে বলিউড-হানিট্র্যাপের এমন সাতটি গল্প নিয়ে এই আয়োজন।

‘মাতা হারি’ (১৯৩১)

গুপ্তচরবৃত্তির ইতিহাসে মাতা হারির নাম বেশ আলোচিত। নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এই নৃত্যশিল্পীর প্রকৃত নাম মার্গারেটা গিরট্রুইডা জেলে। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৯১৭ সালে ফ্রান্সে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাঁকে। তবে গুপ্তচর হিসেবে তাঁর প্রকৃত ভূমিকা এবং অভিযোগের সত্যতা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে।

তাঁর জীবনকে কেন্দ্র করেই ১৯৩১ সালে নির্মিত হয় সিনেমা ‘মাতা হারি’। জর্জ ফিটজমরিস পরিচালিত ছবির গল্পের পটভূমি ১৯১৭ সালের প্যারিস। সেখানে মাতা হারি পরিচিত এক আকর্ষণীয় নৃত্যশিল্পী হিসেবে। অভিজাত সমাজের আনাগোনা, সামরিক কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সখ্য-সব মিলিয়ে তাঁর চলাফেরা ছিল বেশ রহস্যময়। তবে এসব পরিচয়ের আড়ালে তাঁর আরেকটি পরিচয়, তিনি জার্মানির হয়ে তথ্য সংগ্রহ করেন।

গল্পে মাতা হারির জীবনে আসে রুশ বিমানবাহিনীর কর্মকর্তা অ্যালেক্সিস রোসানফ। তাঁর কাছে রয়েছে গুরুত্বপূর্ণ একটি গোপন বার্তা। শুরুতে মাতা হারি জানতেন না, এই তরুণের কাছেই রয়েছে তাঁর অভিযানের কাঙ্ক্ষিত তথ্য। কিন্তু পরিচয় থেকে ঘনিষ্ঠতা, আর ঘনিষ্ঠতা থেকে প্রেম-সম্পর্কটি অন্য দিকে মোড় নেয়। অ্যালেক্সিসের প্রেমে পড়ে যান মাতা হারি।

এবার দায়িত্ব আর ভালোবাসার মধ্যে শুরু হয় সংঘাত। একদিকে জার্মানির হয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব, অন্যদিকে নিজের ভালোবাসার মানুষটির কাছ থেকেই গোপন নথি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা। দায়িত্ব থেকে সরে আসার পথও তাঁর জন্য সহজ নয়।

সিনেমাটিতে মাতা হারির চরিত্রে অভিনয় করেছেন গ্রেটা গার্বো। অ্যালেক্সিসের ভূমিকায় র‍্যামন নোভারো। আরও রয়েছেন লায়োনেল ব্যারিমোর ও লুইস স্টোন। বাস্তব জীবনের মাতা হারির ঘটনাপ্রবাহের সঙ্গে ছবির সবকিছু মেলে না। তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই চলচ্চিত্রে ইতিহাসের সঙ্গে কল্পনার মিশেল রয়েছে। তবে প্রেমকে গুপ্তচরবৃত্তির হাতিয়ার হিসেবে ব্যবহারের যে গল্প, তার প্রাথমিক উদাহরণ হিসেবে সিনেমাটি উল্লেখযোগ্য।

‘নটোরিয়াস’ (১৯৪৬)

যুদ্ধ শেষ হলেও গুপ্তচরদের লড়াই থেমে নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা নজরদারি শুরু করেন ব্রাজিলে অবস্থানরত নাৎসি-সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর ওপর। তাদের গোপন কর্মকাণ্ডের তথ্য পেতে প্রয়োজন এমন একজন, যিনি সহজেই গোষ্ঠীটির ভেতরে প্রবেশ করতে পারবেন। এই অভিযানে বেছে নেওয়া হয় অ্যালিসিয়া হুবারম্যানকে।

অ্যালিসিয়ার বাবা নাৎসি গুপ্তচর হিসেবে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ফলে বাবার পরিচয় কাজে লাগিয়ে গোষ্ঠীটির সদস্যদের আস্থা অর্জন করতে পারবেন তিনি-এমনটাই মনে করেন মার্কিন গোয়েন্দা ডেভলিন। অভিযানে যুক্ত হওয়ার পর ডেভলিনের সঙ্গে অ্যালিসিয়ার ঘনিষ্ঠতা তৈরি হয়। কিন্তু দায়িত্ব পালনের জন্য তাঁকে এগোতে হয় আরেক ব্যক্তির দিকে।

সেই ব্যক্তি আলেকজান্ডার সেবাস্তিয়ান। অ্যালিসিয়ার বাবার পরিচিত এবং নাৎসি-সংশ্লিষ্ট গোপন গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য। পরিকল্পনা অনুযায়ী, সেবাস্তিয়ানের আস্থা অর্জন করেন অ্যালিসিয়া। সম্পর্ক গড়ায় বিয়েতে। এরপর স্বামীর বাড়িতে থেকেই শুরু হয় তাঁর প্রকৃত অভিযান।

বাড়ির একটি বিশেষ কক্ষ ও মদের ভান্ডার নিয়ে সন্দেহ তৈরি হয় অ্যালিসিয়ার। সেখানে লুকানো আছে কী? সেই রহস্য উদ্‌ঘাটনে ডেভলিনের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। একপর্যায়ে সামনে আসে ইউরেনিয়াম আকরিকের সন্ধান। কিন্তু নিজের স্ত্রী যে আসলে গুপ্তচর, তা সেবাস্তিয়ান বুঝতে পারলে কী হবে? বিপদের আশঙ্কা ক্রমেই বাড়তে থাকে।

আলফ্রেড হিচকক পরিচালিত ‘নটোরিয়াস’-এ অ্যালিসিয়ার চরিত্রে অভিনয় করেছেন ইনগ্রিড বার্গম্যান। ডেভলিনের ভূমিকায় ক্যারি গ্রান্ট এবং সেবাস্তিয়ানের চরিত্রে ক্লদ রেইনস। গুপ্তচরবৃত্তির কাহিনির পাশাপাশি ছবিতে গুরুত্ব পেয়েছে প্রেম, সন্দেহ ও বিশ্বাসঘাতকতা। বিশেষ করে, অভিযানে অংশ নেওয়া নারী নিজেও অন্য একজনকে ভালোবাসেন-এই দ্বন্দ্ব গল্পটিকে দিয়েছে আলাদা মাত্রা।

‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ (১৯৬৩)

জেমস বন্ডের পরিচিত জগৎ মানেই বিপজ্জনক মিশন, আন্তর্জাতিক ষড়যন্ত্র আর সুন্দরী নারীর সান্নিধ্য। তবে ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ সিনেমায় পরিস্থিতি কিছুটা ভিন্ন। এখানে প্রেমের ফাঁদ পাতার শিকার হওয়ার কথা দুর্ধর্ষ ব্রিটিশ গোয়েন্দা বন্ডেরই।

অপরাধী সংগঠন স্পেক্টর বন্ডকে হত্যার পরিকল্পনা করে। সেই ছকের অংশ হিসেবে ব্যবহার করা হয় সোভিয়েত দূতাবাসের সংকেতলিপি বিভাগের কর্মী তাতিয়ানা রোমানোভাকে। তাঁকে বলা হয়, বিশেষ একটি অভিযানে অংশ নিতে হবে। এর অংশ হিসেবে ব্রিটিশ গোয়েন্দাদের কাছে পৌঁছে দিতে হবে ‘লেক্টর’ নামের একটি গুরুত্বপূর্ণ সংকেত পাঠোদ্ধার যন্ত্র।

তাতিয়ানা পশ্চিমে পালিয়ে যেতে চান—এমন প্রস্তাবের মাধ্যমে বন্ডকে ইস্তাম্বুলে আসতে রাজি করানো হয়। তাঁর শর্ত, জেমস বন্ডকেই তাঁকে সাহায্য করতে হবে। ব্রিটিশ গোয়েন্দাদের কাছে প্রস্তাবটি আকর্ষণীয় মনে হলেও এর পেছনে যে হত্যার পরিকল্পনা রয়েছে, তা তাদের অজানা নয়।

ইস্তাম্বুলে পৌঁছে তাতিয়ানার সঙ্গে বন্ডের ঘনিষ্ঠতা তৈরি হয়। শুরু হয় যন্ত্রটি উদ্ধারের অভিযান। কিন্তু প্রতিটি পদক্ষেপেই অপেক্ষা করছে শত্রুপক্ষের নজরদারি ও বিপদ। মজার বিষয়, তাতিয়ানাও পুরো ষড়যন্ত্রের উদ্দেশ্য সম্পর্কে জানেন না। তাঁকে ব্যবহার করা হচ্ছে বন্ডকে ফাঁদে ফেলার জন্য।

টেরেন্স ইয়াং পরিচালিত সিনেমায় জেমস বন্ড চরিত্রে শন কনারি এবং তাতিয়ানার ভূমিকায় ড্যানিয়েলা বিয়ানকি অভিনয় করেছেন। আরও রয়েছেন রবার্ট শ, লটে লেনিয়া ও পেদ্রো আরমেনদারিস। জেমস বন্ড সিরিজের দ্বিতীয় এই ছবিতে হানিট্র্যাপের কৌশলটি বেশ চমকপ্রদ। কারণ, যিনি ফাঁদ পাতার কাজে ব্যবহৃত হচ্ছেন, তিনিও জানেন না পুরো পরিকল্পনার ভয়াবহতা।

‘জিসম’ (২০০৩)

রাষ্ট্রীয় গুপ্তচরবৃত্তি নয়, ব্যক্তিগত সম্পর্কের আড়ালে অপরাধে জড়িয়ে পড়ার গল্প দেখানো হয়েছে বলিউডের সিনেমা ‘জিসম’-এ। এখানে প্রেমের শুরুটা স্বাভাবিক পরিচয়ের মতো হলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠে ভয়ংকর এক ষড়যন্ত্রের অংশ।

সমুদ্রসৈকতে সোনিয়া খান্নার সঙ্গে পরিচয় হয় আইনজীবী কবির লালের। সোনিয়া বিবাহিত এবং তাঁর স্বামী একজন ধনী ব্যবসায়ী। প্রথম দেখাতেই সোনিয়ার প্রতি আকৃষ্ট হন কবির। ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সোনিয়া নিজের দাম্পত্য জীবনের অসুখী পরিস্থিতির কথা জানিয়ে কবিরের সহানুভূতি আদায় করেন। জানান, স্বামীর সঙ্গে আর থাকতে চান না। কিন্তু স্বামীর বিপুল সম্পদ ও পারিবারিক জটিলতা তাঁকে আটকে রেখেছে। সোনিয়ার প্রতি দুর্বল হয়ে পড়া কবির তাঁকে এই পরিস্থিতি থেকে মুক্ত করার উপায় খুঁজতে থাকেন।

একপর্যায়ে সোনিয়া তাঁকে স্বামীকে হত্যার পরিকল্পনায় রাজি করান। হত্যার পর ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর ছকও করা হয়। কবিরের বিশ্বাস, এই বাধা দূর হলেই সোনিয়াকে নিয়ে নতুন জীবন শুরু করতে পারবেন।

কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের পরই সামনে আসতে থাকে অন্য এক বাস্তবতা। সোনিয়ার অর্থ ও সম্পত্তিকেন্দ্রিক উদ্দেশ্য কবিরের কাছে স্পষ্ট হতে শুরু করে। যে নারীকে তিনি ভালোবেসেছিলেন, তাঁর কাছেই প্রতারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। ভালোবাসার নামে যে সম্পর্ক শুরু হয়েছিল, তা শেষ পর্যন্ত তাঁকে অপরাধের পথে ঠেলে দেয়।

অমিত সাক্সেনা পরিচালিত ‘জিসম’-এ সোনিয়া চরিত্রে বিপাশা বসু এবং কবিরের ভূমিকায় জন আব্রাহাম অভিনয় করেছেন। আরও রয়েছেন গুলশান গ্রোভার ও রণবীর শোরে। ২০০৩ সালে মুক্তি পাওয়া এই রোমান্টিক থ্রিলারে হানিট্র্যাপের প্রচলিত গুপ্তচরবৃত্তির দিকটি নেই। তবে প্রেম ও শারীরিক আকর্ষণকে কাজে লাগিয়ে কাউকে অপরাধে প্ররোচিত করার যে কৌশল, সেটিই ছবিটির গল্পের কেন্দ্রে।

‘ব্ল্যাক বুক’ (২০০৬)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সময়। নাৎসি-অধিকৃত নেদারল্যান্ডসে প্রাণ বাঁচানোর লড়াই করছেন ইহুদি তরুণী র‍্যাচেল স্টেইন। নিরাপদ আশ্রয়ের সন্ধানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু তাঁদের বহনকারী নৌকায় হামলা চালায় জার্মান বাহিনী। প্রাণে বাঁচলেও পরিবারের সদস্যদের হারান র‍্যাচেল।

এই ঘটনার পর ডাচ প্রতিরোধ আন্দোলনে যোগ দেন তিনি। এবার লক্ষ্য শুধু বেঁচে থাকা নয়, নাৎসি বাহিনীর গোপন কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ এবং প্রতিরোধ আন্দোলনকে সহায়তা করা। এ জন্য তাঁকে নিতে হয় নতুন পরিচয়।

পরিকল্পনা অনুযায়ী, জার্মান বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তা লুডভিগ মুন্টজের কাছাকাছি পৌঁছাতে হবে র‍্যাচেলকে। নিজের পরিচয় গোপন রেখে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তরুণী। উদ্দেশ্য, জার্মান বাহিনীর সদর দপ্তরে প্রবেশের সুযোগ পাওয়া এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।

পরিকল্পনা সফল হতে শুরু করলেও গল্পের মোড় বদলে যায় ব্যক্তিগত সম্পর্কের কারণে। মুন্টজের সঙ্গে র‍্যাচেলের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। শত্রুপক্ষের একজন মানুষের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসে। বুঝতে পারেন, যুদ্ধের বাস্তবতা সব সময় সাদা-কালো নয়।

অন্যদিকে প্রতিরোধ আন্দোলনের ভেতরেও বিশ্বাসঘাতকতার ঘটনা সামনে আসে। ফলে কার ওপর আস্থা রাখা যায়, তা নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা। একদিকে গুপ্তচরবৃত্তির দায়িত্ব, অন্যদিকে ব্যক্তিগত অনুভূতি—দুইয়ের মধ্যে পড়ে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হন র‍্যাচেল।

পল ভারহোভেন পরিচালিত ডাচ ভাষার সিনেমাটিতে র‍্যাচেল চরিত্রে অভিনয় করেছেন কারিস ফান হাউটেন। মুন্টজের ভূমিকায় সেবাস্তিয়ান কখ। যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই থ্রিলারে হানিট্র্যাপের পাশাপাশি উঠে এসেছে নৈতিকতা, আনুগত্য ও বিশ্বাসের জটিল প্রশ্ন। যে সম্পর্কের শুরু হয়েছিল নিছক একটি অভিযানের প্রয়োজনে, সেটিই একসময় র‍্যাচেলের ব্যক্তিগত জীবনের বড় সংকটে পরিণত হয়।

‘লাস্ট, কশন’ (২০০৭)

প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যিকারের আবেগে জড়িয়ে পড়ার গল্পের অন্যতম আলোচিত উদাহরণ অ্যাং লির ‘লাস্ট, কশন’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান-অধিকৃত চীনের রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে নির্মিত ছবিটির গল্প।

জাপানপন্থী প্রভাবশালী কর্মকর্তা মিস্টার ইকে হত্যার পরিকল্পনা করে একদল তরুণ দেশপ্রেমিক। এই অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয় ওয়াং চিয়া চিকে। ছাত্রজীবনে নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এবার মঞ্চের অভিনয়কে কাজে লাগিয়ে বাস্তব জীবনে এক বিপজ্জনক চরিত্রে অবতীর্ণ হতে হবে তাঁকে।

পরিকল্পনা অনুযায়ী, ধনী ও বিবাহিত নারীর পরিচয় নিয়ে মিস্টার ইয়ের পরিবারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন ওয়াং চিয়া চি। ধীরে ধীরে তাঁর আস্থা অর্জন করেন। একপর্যায়ে দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়। তরুণীর মূল উদ্দেশ্য, মিস্টার ইকে এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া, যেখানে তাঁকে হত্যা করা সম্ভব হবে।

কিন্তু মিশনটি যত এগোয়, ততই জটিল হয়ে ওঠে সম্পর্ক। মিস্টার ই অত্যন্ত সতর্ক ও সন্দেহপ্রবণ। তাঁর বিশ্বাস অর্জন করা সহজ নয়। অন্যদিকে ওয়াং চিয়া চি নিজেও বুঝতে পারেন না, কোনটা অভিনয় আর কোনটা সত্যিকারের অনুভূতি। দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এমন এক আবেগের মুখোমুখি হন, যা পুরো পরিকল্পনাকেই অনিশ্চিত করে তোলে।

তাং ওয়েই অভিনয় করেছেন ওয়াং চিয়া চির চরিত্রে। মিস্টার ইয়ের ভূমিকায় টনি লিয়াং চিউ-ওয়াই। আরও রয়েছেন জোয়ান চেন ও ওয়াং লিহোম। চীনা লেখক আইলিন চ্যাংয়ের সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত ছবিটি ২০০৭ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণসিংহ পুরস্কার জেতে।

‘লাস্ট, কশন’-এর বিশেষত্ব হলো, এখানে হানিট্র্যাপ শুধু একজনকে ফাঁসানোর কৌশল নয়; এটি মানুষের আবেগ ও নৈতিকতার কঠিন পরীক্ষাও। যে নারীকে একটি হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছিল, একসময় তিনিই নিজের দায়িত্ব ও ভালোবাসার মধ্যে আটকে পড়েন।

‘রেড স্প্যারো’ (২০১৮)

গুপ্তচরবৃত্তির জগতে আকর্ষণ, প্রলোভন ও মনস্তাত্ত্বিক কৌশলকে কীভাবে প্রশিক্ষণের অংশ করা হয়, তারই এক অন্ধকার চিত্র ‘রেড স্প্যারো’। ফ্রান্সিস লরেন্স পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র রাশিয়ার ব্যালে নৃত্যশিল্পী ডমিনিকা এগোরোভা।

মঞ্চে দুর্ঘটনার কারণে শেষ হয়ে যায় তাঁর নৃত্যজীবন। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্বও তাঁর ওপর। এমন পরিস্থিতিতে রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক প্রভাবশালী ব্যক্তির প্রস্তাবে বিশেষ প্রশিক্ষণকেন্দ্রে যোগ দিতে বাধ্য হন ডমিনিকা। কেন্দ্রটির নাম ‘স্প্যারো স্কুল’।

সেখানে তরুণ নারী-পুরুষদের শেখানো হয় মানুষের মনস্তত্ত্ব, দুর্বলতা ও আকর্ষণকে কাজে লাগিয়ে কীভাবে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে হয়। তাঁদের কাজের উদ্দেশ্য গোপন তথ্য সংগ্রহ কিংবা শত্রুপক্ষের পরিকল্পনা নস্যাৎ করা। প্রশিক্ষণের অংশ হিসেবে ব্যক্তিগত মর্যাদা ও স্বাধীনতার সীমাও বারবার লঙ্ঘিত হয়।

প্রশিক্ষণ শেষে ডমিনিকার প্রথম বড় মিশন আসে। তাঁকে ঘনিষ্ঠ হতে হবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তা নেট ন্যাশের সঙ্গে। লক্ষ্য, রুশ গোয়েন্দা সংস্থার ভেতরে থাকা মার্কিন তথ্যদাতার পরিচয় বের করা।

কিন্তু অভিযান যত এগোয়, ততই পাল্টাতে থাকে সম্পর্কের সমীকরণ। ডমিনিকা কি নেটকে ব্যবহার করছেন, নাকি নেটই তাঁকে নিজের উদ্দেশ্যে কাজে লাগাচ্ছেন? দুই দেশের গোয়েন্দা সংস্থার পাল্টাপাল্টি কৌশলের মধ্যে কে কার পক্ষে, তা বোঝা কঠিন হয়ে পড়ে। ব্যক্তিগত অনুভূতি ও রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্বও ক্রমে প্রকট হয়।

জেনিফার লরেন্স অভিনয় করেছেন ডমিনিকার চরিত্রে। নেট ন্যাশের ভূমিকায় জোয়েল এডগারটন। আরও রয়েছেন ম্যাথিয়াস শোনার্টস, শার্লট র‍্যাম্পলিং ও জেরেমি আয়রনস। ২০১৮ সালে মুক্তি পাওয়া এই ছবিতে হানিট্র্যাপের প্রশিক্ষণ ও মনস্তাত্ত্বিক কৌশলের পাশাপাশি তুলে ধরা হয়েছে, রাষ্ট্রীয় স্বার্থে একজন মানুষকে কীভাবে নিজের ইচ্ছার বিরুদ্ধে প্রলোভনের হাতিয়ার বানানো হতে পারে।

প্রায় নয় দশকজুড়ে নির্মিত এই সাত সিনেমার গল্প, সময় ও প্রেক্ষাপট আলাদা। কোথাও যুদ্ধের ময়দানে গোপন তথ্য সংগ্রহ, কোথাও রাজনৈতিক হত্যার ছক, আবার কোথাও ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে অর্থ ও সম্পদ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা। তবে সব কটি গল্পের কেন্দ্রে রয়েছে একটি অভিন্ন বিষয়—বিশ্বাসকে পুঁজি করে প্রতারণা। পর্দায় কখনো এই ফাঁদ পাতেন গুপ্তচরেরা, কখনো নিজেরাই হয়ে ওঠেন তার শিকার। আর সবচেয়ে বড় বিপদ তৈরি হয় তখনই, যখন অভিনয় আর বাস্তব ভালোবাসার সীমারেখা মুছে যেতে শুরু করে।

সূত্র: আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট এবং কান চলচ্চিত্র উৎসব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসাপ্রত্যাশীদের জন্য একটি জরুরি বার্তা প্রদান করেছে। ভিসা আবেদনের প্রক্রিয়ায় তথ্য যাচাইয়ের পাশাপাশি তৃতীয় পক্ষের সেবা গ্রহণ এবং অর্থ প্রদান থেকে বিরত থাকার নির্দেশনা তারা দিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে মার্কিন দূতাবাস উল্লেখ করেছে, ‘আপনার ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই। নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিন অথবা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিন।’

তবে, ভিসাসংক্রান্ত কার্যক্রমে তৃতীয় পক্ষের involvement থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। তারা বলেছে, ‘তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকুন।’

এর আগে, ভিজিটর ভিসা নিয়ে একটি আলাদা পোস্টে মার্কিন দূতাবাস জানায়, ‘আপনি যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন বলে কনস্যুলার অফিসার নিশ্চিত না হলে, তিনি আপনার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আপনার নিজের দায়িত্ব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল শুনানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


আজ হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল শুনানি

রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ হাইকোর্টে অনুষ্ঠিত হতে পারে।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে সোমবার (১৬ নভেম্বর) শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর, মামলার ১ নম্বর আসামী সোহেল রানা কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়, যখন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর দুই আসামীকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত শেষে ২৫ মে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।

১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন। এক দিনেই সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করা হয়।

সবশেষে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলাটির রায় ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%