প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ধর্মকে পুঁজি করে বিভাজন বা সমাজে অশান্তি সৃষ্টির যে কোনো প্রচেষ্টা রাষ্ট্রীয় এবং সামাজিক স্তরে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে, এই কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার দুপুরে যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যশোর জেলা, সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ আয়োজিত র্যালিপূর্ব আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ধর্মীয় পরিচয় বা রাজনৈতিক দর্শনের ভিন্নতা নির্বিশেষে যারা সস্তা রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘ধর্ম মানুষের বিশ্বাস ও চেতনার বিষয়, অনৈতিক রাজনৈতিক সুবিধা অর্জনের হাতিয়ার হিসেবে এর ব্যবহার কাম্য নয়।’
তিনি আরও বলেন, বাংলাদেশে বসবাসকারী প্রত্যেকের একটিই পরিচয়- বাংলাদেশি, যা ধর্ম বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রযোজ্য। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার অন্যদের সমান বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, রামকৃষ্ণ আশ্রম ও মিশন যশোরের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ঘোষ এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য্যসহ অন্যান্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন