প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামে কৃষকরা দীর্ঘদিন ধরে বাজারে আলুর দাম কম থাকার পরও আগাম আলু চাষে ঝুঁকছেন। প্রতিবছর নতুন আলুর চাহিদা ও তুলনামূলক বেশি দাম পাওয়ার প্রত্যাশায় তারা আগাম জাতের আলু আবাদ করছেন। তবে লোকসানের ঝুঁকি কমানোর জন্য কৃষি বিভাগ গত মৌসুমের তুলনায় এবার কম জমিতে আলু চাষের পরামর্শ দিচ্ছে।
সরেজমিনে দেখা যায়, কৃষকরা একদিকে বীজ আলু কেটে গজানো অঙ্কুর আলাদা করছেন। অন্যদিকে, হালচাষে প্রস্তুত জমিতে কেউ লাঙল টানছেন, আবার কেউ সারিবদ্ধভাবে তৈরি করা জমিতে আলুর অঙ্কুরিত অংশ পুঁতে দিচ্ছেন। আগাম আলু চাষের জন্য তারা ব্যস্ত সময় পার করছেন।
গত মৌসুমে কুড়িগ্রাম জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ১০০ হেক্টর, তবে বাস্তবে ৭ হাজার ৯০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আগের বছরগুলোর তুলনায় ৮০০ হেক্টর বেশি জমিতে আলু চাষ হওয়ায় বাজারে সরবরাহ বেড়ে যায়। ফলে দাম কমে গিয়ে কৃষক ও ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েন।
তবে পুরাতন আলুর তুলনায় নতুন আলুর চাহিদা ও দাম বেশি থাকায় এবার কৃষকরা আগাম জাতের ধান কাটার পর ফাঁকা হওয়া জমিতে আলু চাষ করছেন। তাদের আশা, মৌসুমের শুরুতে নতুন আলু বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিনবাজার এলাকার আলুচাষি মোহাম্মদ আলী জানান, "গত দুই বছর ধরে আলু চাষে লাভ না হলেও আগাম আলু চাষ করছি। আশা করছি, চলতি বছর নতুন আলু ওঠার সময় ভালো দাম পাওয়া যাবে।"
কুড়িগ্রাম সদরের হরিকেশ এলাকার আলুচাষি ও ব্যবসায়ী এরশাদুল বলেন, "এখনও হিমাগারে পর্যাপ্ত আলু রয়েছে। বাজারে আলুর খুচরা দাম কেজিপ্রতি ১৫ থেকে ১৬ টাকা এবং পাইকারি দাম ১০ টাকা। গত বছর তিন একর জমিতে আলু চাষ করে বড় ধরনের লোকসানে পড়েছি। তাই এবার এক একর জমিতে আলু চাষের পরিকল্পনা থাকলেও এখনও আবাদ শুরু করিনি।"
এদিকে, কৃষি বিভাগ কৃষকদের বেশি লাভের আশায় আলু চাষ করে লোকসানে পড়া কৃষকদের এবার কম জমিতে আলু আবাদের পরামর্শ দিচ্ছে। পাশাপাশি আলুর পরিবর্তে অন্য লাভজনক ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, "চলতি মৌসুমে জেলায় ৮ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে আলুর আবাদ কমিয়ে অন্য লাভজনক ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।"
চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ২৫০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন