প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মঞ্চের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করলেও এক পর্যায়ে উপস্থাপনায় স্থায়ী হন মাহমুদা মাহা। টেলিভিশনের পাশাপাশি করপোরেট শোতেও তার ব্যস্ততা বৃদ্ধি পেতে থাকে। তবে সম্প্রতি অভিনয়ের প্রতি তার আগ্রহ বেড়েছে।
কিছুদিন আগে অন্তর্জালে মুক্তি পেয়েছে মাহা অভিনীত দুটি নাটক ‘শয়তানের নিঃশ্বাস’ ও ‘সে আমার প্রথম প্রেম’। এই দুটি নাটকেই তার অভিনয় প্রশংসা অর্জন করেছে বলে জানিয়েছেন মাহা। বিশেষ করে ‘সে আমার প্রথম প্রেম’ নাটকটি নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া তাকে উচ্ছ্বসিত করেছে।
নাটকটি দেখে এক দর্শক মন্তব্য করেছেন, ‘নাটকটির প্রেমে পরলাম। গল্প আর অভিনয়ের অনন্য প্যাকেজ। নাওভী ও মাহমুদা মাহার অভিনয়ের প্রেমে পড়তে হয়েছে নাটকটা দেখে। মাহার লুক, সাবলীল গেটআপ ছিল কনটেন্টটির অন্যতম আকর্ষণ।’
আরেক দর্শক বলেছেন, ‘‘বলছিলাম ‘সে আমার প্রথম প্রেম’ নাটকের কথা। নাওভি ও মাহমুদা মাহা অভিনয় করেছে নাটকে। তবে অপলক মাহাকেই দেখতে হয়েছে। নৌকায়, সরিষা ক্ষেতে, বিমর্ষ অবস্থায়—সবক্ষেত্রেই স্নিগ্ধ, সুন্দর। অভিনয়ে ছিল পরিপক্বতা।’'
দর্শকদের এমন প্রতিক্রিয়া মাহমুদা মাহাকে স্বাভাবিকভাবেই আনন্দিত করেছে। তিনি বলেন, ‘‘দুটি কাজ দুই ধরনের। দুটোকেই দর্শকরা পছন্দ করছেন। তবে ‘সে আমার প্রথম প্রেম’ নাটকটি নিয়ে অনেক বেশি ইতিবাচক সাড়া পাচ্ছি। সবাই আমার অনেক প্রশংসা করছেন। কেউ লুকের, কেউ আবার অভিনয়ের। দর্শকরা নাওভির সঙ্গে আমাকে আরো বেশি দেখতে চাইছেন। ভালো লাগছে তাদের এরকম প্রতিক্রিয়া দেখে।’'
উপস্থাপনায় নিয়মিত থাকলেও এখন অভিনয়ে আরো বেশি সময় দিতে চান মাহা। তার কথায়, ‘উপস্থাপনা তো করছি। তবে এখন অভিনয়ে বেশি সময় দিতে চাই। আরো অনেক বেশি কাজ করতে চাই।’
এদিকে চলতি মাসেই ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ। এই ব্যান্ডের কনসার্ট উপস্থাপনা করা মাহার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ‘ওয়েভ ফেস্ট : এঞ্জয় দ্য ফুল মুন’ শীর্ষক কনসার্টটি উপস্থাপনা করবেন তিনি।
উপস্থাপনার পাশাপাশি এর আগে একাধিক নাটকে অভিনয় করেছেন মাহমুদা মাহা। বড় পর্দাতেও দেখা গেছে তাকে। ‘মেঘ রোদ্দুর খেলা’ ও ‘দুঃসাহসী খোকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
উপস্থাপনা থেকে অভিনয়—দুই মাধ্যমেই ধীরে ধীরে নিজের পরিসর তৈরি করছেন মাহমুদা মাহা। সামনে অভিনয়ে আরো নিয়মিত হওয়ার ইচ্ছার কথাই জানালেন এই তরুণী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন