প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল (৩২) হত্যার ঘটনায় তার সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা (২৬), মুক্তার বোন নাদিয়া সুলতানা রত্না (২৫) এবং মুক্তার বর্তমান স্বামী মো. সেলিম (২৫) কে আটক করেছে এসআরবি-১১।
আসামিরা প্রাথমিকভাবে জানিয়েছেন, পরকীয়ার কারণে বিবাহবিচ্ছেদ এবং পরবর্তী ক্ষোভের ফলস্বরূপ এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
শুক্রবার সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন—নিহত রাসেলের সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা, সানুখালী গ্রামের আব্দুল মন্নানের মেয়ে, তার বোন নাদিয়া সুলতানা রত্না এবং মুক্তার বর্তমান স্বামী খাগড়াছড়ির রামগড় থানার গুইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সেলিম।
এসআরবি সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের মাধ্যমে ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
গত কয়েক বছর ধরে মুক্তার সেলিমের সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে রাসেলের সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। এর ফলস্বরূপ মুক্তা রাসেলকে তালাক দেন। তবে রাসেল বিষয়টি মেনে নিতে পারেননি এবং পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন। চলতি বছরের অক্টোবর মাসে মুক্তা সেলিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিষয়টি জানাজানি হলে রাসেল মুক্তার বাড়িতে যাতায়াত বাড়িয়ে দেন।
এসআরবি আরও জানায়, গত ৬ নভেম্বর রাসেলের মোবাইল ফোনে কল দিয়ে মুক্তা তাকে তাদের বাড়িতে আসতে বলেন। রাত ১০টার দিকে রাসেল মুক্তার বাড়িতে আসেন। এরপর বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মুক্তা এবং অপর আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর মৃতদেহটি একটি পরিত্যক্ত ঘরে কম্বল দিয়ে মুড়িয়ে মাটিচাপা দেন মুক্তা ও অন্য আসামিরা।
গত বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা দেয়া অবস্থায় রাসেলের মৃতদেহ উদ্ধার করে। পরে রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে এবং পরবর্তীতে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে আটক করে। শুক্রবার দুপুরে আসামিদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন