প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে ড্রাম ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী ইমরুল কায়েস (২৮) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশাচালক মামুন (৪০) গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আব্দুল মান্নানের পুত্র। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী শাখায় একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। আহত অটোরিকশাচালক মামুন শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাঁচামালবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের কাঁচাবাজার থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশায় থাকা ইমরুল কায়েস ও চালক মামুন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরুল কায়েসের মৃত্যু হয়। আহত মামুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের সহকর্মীরা জানান, মাত্র এক সপ্তাহ আগে ইমরুল কায়েস এসএস এনজিওতে যোগদান করেছিলেন। রোববার সকালে মধুপুরে নিজ বাড়ি থেকে কর্মস্থল ঝিনাইগাতীর তিনানীতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি আটক করেছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন