প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। সোমবার (২২ সেপ্টেম্বর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি অফিস আদেশের মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে। একই দিনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিদর্শন করেছেন বলে জানা যায়।
মন্ত্রণালয়ের অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মোহা. হারুন-অর-রশীদকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে আরও জানানো হয়েছে যে, নিয়মিত মহাপরিচালক দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত হারুন-অর-রশীদ এই দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে একাডেমির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং প্রশাসনিক কার্যক্রম বিধি অনুযায়ী সম্পন্ন করবেন তিনি।
এর আগে, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কবি রেজাউদ্দিন স্টালিন নামে পরিচিত শেখ রেজাউদ্দিন আহমেদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় পদটি আবারও শূন্য হয়ে পড়ে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন লিয়াকত আলী লাকী। তিনি দীর্ঘ সময় ধরে এ দায়িত্বে ছিলেন।
এরপর, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। তবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন। পরে ৪ মার্চ ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। ওয়ারেছ হোসেনকে সরিয়ে প্রায় ছয় মাস পর ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজকে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি প্রায় এক সপ্তাহ দায়িত্ব পালন করেন।
এরপর, ২১ সেপ্টেম্বর ২০২৫ মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান শেখ রেজাউদ্দিন আহমেদ। তার মেয়াদ শেষ হওয়ার পর এবার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন