প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নগর ও জেলাজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে ২০ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছেন, যাদের মধ্যে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি অন্তর্ভুক্ত।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পূজামণ্ডপ পরিদর্শনের পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে কিছুক্ষণ বিরতি নেবেন। পরে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সেখান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন।
প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর আগমন চট্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয়। নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নির্দেশনা ও সমন্বয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগরীতে প্রায় ২ হাজার ৬০০টি পূজামণ্ডপ রয়েছে। মণ্ডপের সংখ্যা বিবেচনায় নিয়ে নিরাপত্তা প্রস্তুতি অনেক আগে থেকেই নেওয়া হয়েছে। পুলিশ, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও র্যাবসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। পূজামণ্ডপগুলোতে এসআরবি সদস্যরা নিয়মিত পরিদর্শন ও মোবাইল টহল দেবেন। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে এবং বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পূজামণ্ডপগুলোতে র্যাবের যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে এবং সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের জন্যও প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিএমপি কমিশনার বলেন, পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পুলিশের সমন্বয় রয়েছে। সিএমপির পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অন্যান্য বাহিনীর সঙ্গেও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপূজা ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাই একযোগে কাজ করছেন। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বী মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। চট্টগ্রামের মানুষের মধ্যে তার আগমনকে ঘিরে প্রত্যাশা, উৎসাহ ও আন্তরিকতার ইতিবাচক আবহ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ভিন্নতা সত্ত্বেও চট্টগ্রামের মানুষ পারস্পরিক সহাবস্থান, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখেছেন। একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন