প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং উড়োজাহাজ উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় গতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের প্রায় ৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে।
বোয়িং সোমবার (৯ নভেম্বর) এই সিদ্ধান্তের কথা জানায়। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি স্বাভাবিকভাবে চাকরি ছেড়ে যাওয়া কর্মীদের শূন্য পদ পূরণ করা হবে না।
বোইংয়ের বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের প্রধান স্টেফানি পোপ কর্মীদের উদ্দেশে পাঠানো বার্তায় জানান, উৎপাদন বাড়ানোর গতি কমিয়ে কারখানা ও সরবরাহব্যবস্থাকে আরও স্থিতিশীল করার সুযোগ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উড়োজাহাজ উৎপাদনের সময়সূচি পরিবর্তন এবং উৎপাদনের পরিমাণ কমানোর ফলে প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী হয়ে পড়েছে। তাই কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বর থেকে ছাঁটাইয়ের বিষয়ে কর্মীদের আনুষ্ঠানিকভাবে জানানো শুরু হবে।
স্টেফানি পোপ বলেন, চলতি বছর ৭৩৭ ম্যাক্স ৭ ও ৭৩৭ ম্যাক্স ১০ উড়োজাহাজের যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার সনদ পাওয়াসহ কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে প্রতিষ্ঠানটি এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। কর্মীদের সঙ্গে মর্যাদা ও সম্মানজনক আচরণ বজায় রেখেই এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
অক্টোবরের শেষ দিকে এক সম্মেলনে বোয়িংয়ের কর্মকর্তারা উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় ধীরগতির ইঙ্গিত দিয়েছিলেন। তাঁরা জানান, ২০২৬ সালের জন্য নির্ধারিত উড়োজাহাজ সরবরাহের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না। একই সঙ্গে ৭৩৭ ম্যাক্সের মাসিক উৎপাদন ৪৭ থেকে বাড়িয়ে ৫২টিতে নেওয়ার পরিকল্পনাও পিছিয়ে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে নির্ধারণ করা হয়েছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, দীর্ঘদিনের আর্থিক লোকসান কাটিয়ে আয় ও মুনাফা বাড়ানোর ক্ষেত্রে ৭৩৭ ম্যাক্সের উৎপাদন বৃদ্ধি বোয়িংয়ের জন্য গুরুত্বপূর্ণ। ২০১৮ ও ২০১৯ সালে এই মডেলের দুটি উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণহানির পর নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা ও সংকটে পড়ে প্রতিষ্ঠানটি।
বোইংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গ গত ২৭ অক্টোবর বলেন, অগ্রগতি হলেও উৎপাদনব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ করে উড়োজাহাজের ডানা এবং কানসাসের কারখানায় কাঠামো তৈরির কাজে আরও ধারাবাহিকতা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন