প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দালাল চক্রের খপ্পরে পড়ে ৬ হাজারের বেশি বাংলাদেশির জীবন এখন অনিশ্চয়তায়। সমুদ্রপথে গ্রিসে গিয়ে আটক হওয়া এসব বাংলাদেশির জনপ্রতি ১৬ থেকে ৩০ লাখ টাকা খরচ হয়েছে। বন্দিশিবিরে মানবেতর জীবন কাটানোর পাশাপাশি দেশে ফেরত পাঠানোর আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।
উন্নত জীবনের আশায় অনেক স্বপ্ন নিয়ে ইউরোপের দেশ গ্রিসে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দালাল চক্রের মাধ্যমে মিসর ও লিবিয়া হয়ে সমুদ্রপথে গ্রিসে পৌঁছান এসব বাংলাদেশি। সেখানে যেতে একেকজনের খরচ হয়েছে ১৬ থেকে ৩০ লাখ টাকা। কেউ জমি বিক্রি করে, আবার কেউ ঋণ নিয়ে এই টাকা জোগাড় করেছেন।
ভুক্তভোগীরা জানান, ‘আমাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। খাবারদাবারেরও অনেক সংকট। আমরা এখন কী করব? কেউ জমি বিক্রি করে, কেউ ঋণ নিয়ে এখানে এসেছে। এখন যদি আমাদের দেশে ফেরত পাঠানো হয়, তাহলে আমাদের কী অবস্থা হবে?’
গ্রিসে পৌঁছানোর পরই পুলিশের হাতে আটক হন ৬ হাজারের বেশি বাংলাদেশি। বন্দিশিবিরে নেয়ার পর তাদের আশ্রয়ের আবেদনও বাতিল করা হয়। মানবেতর জীবনযাপন করা বাংলাদেশিদের এরই মধ্যে দেশে ফেরার প্রস্তাব দিয়েছে গ্রিক সরকার।
এদিকে, দালালদেরও কোনো খোঁজ পাচ্ছেন না ভুক্তভোগীরা। এত টাকা খরচ করে বিদেশে গিয়ে এখন কী নিয়ে দেশে ফিরবেন, তা নিয়েই দুশ্চিন্তায় তারা। ভুক্তভোগীরা বলেন, ‘দ্বিতীয় ধাপে আমরা আপিল করেছি। এরপর এখন বলা হচ্ছে, আমাদের দেশে পাঠিয়ে দেয়া হবে। যদি দেশে পাঠিয়ে দেয়, তাহলে দেশে গিয়ে আমরা কী করব? প্রত্যেকের মাথাপিছু প্রায় ২০ লাখ টাকা ঋণ রয়েছে। দেশে ফিরে কীভাবে সেই ঋণ পরিশোধ করব?’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, এসব বাংলাদেশিকে সহায়তার জন্য গ্রিক সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। একই সঙ্গে দালাল চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘আমাদের এখান থেকে আলোচনা চলছে, যারা ওখানে বিভিন্ন ক্যাম্পে আছেন, তাদের দেশে পাঠানোর বিষয়ে গ্রিক সরকারের সঙ্গে কথা বলা হবে। সেখানে এ ধরনের মানবেতর জীবনযাপন না করে যাদের দেশে ফেরার সুযোগ আছে, তারা দেশে আসার চেষ্টা করলেই ভালো হবে।’
দালাল চক্রের খপ্পরে পড়ে বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিঃস্ব হচ্ছেন বহু মানুষ। তাই বিদেশ গমনে ইচ্ছুকদের দালালের প্রলোভনে না পড়ে বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন