প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে এই তথ্য জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।
হামলার কয়েক ঘণ্টা আগে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন যে রাশিয়া দেশজুড়ে ‘বড় ধরনের হামলার’ প্রস্তুতি নিচ্ছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে কিয়েভের পাশাপাশি দিনিপ্রো ও ক্রিভি রিহ শহরও রুশ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একবারের হামলার পর আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভের দিকে ছোড়া হয়েছে বলেও জানানো হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো বলেছেন, আরও হামলার আশঙ্কা রয়েছে। সকলকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার অনুরোধ জানানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বহু মানুষ কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন। কেউ মেঝেতে কম্বল পেতে, আবার কেউ ছোট তাঁবু খাটিয়ে রাত কাটানোর চেষ্টা করছেন।
হামলার কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন যে তিনি ইউক্রেনের বিমান বাহিনীর কাছ থেকে এমন একটি প্রতিবেদন পেয়েছেন, যাতে বলা হয়েছে রাশিয়া দেশের সব অঞ্চলে ‘বড় ধরনের হামলা’ চালানোর প্রস্তুতি নিচ্ছে।
জেলেনস্কি বলেছেন, ‘আজ রাতেই এই হামলা চালানো হতে পারে—এমন আশঙ্কা খুবই বেশি।’ হামলার আগের দিনই তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের জন্য অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অনুরোধ জানান।
পাল্টাপাল্টি হামলায় বিধ্বস্ত ইউক্রেন-রাশিয়ার বিভিন্ন অঞ্চল। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশেই বাড়ছে হতাহতের সংখ্যা। মঙ্গলবার রাশিয়ার বেলগোরদে একটি যাত্রীবাহী বাসে ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এক রাতেই মস্কোকে লক্ষ্য করে প্রায় ৪০০ টি ড্রোন ছুড়ে দিয়েছে ইউক্রেন। ড্রোনের আঘাতে মস্কোর আবাসিক ভবন ও কয়েকটি স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এদিকে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসার কাছে কৃষ্ণসাগরে নোঙর করা লাইবেরিয়ার পতাকাবাহী একটি বেসামরিক জাহাজে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। একই সময়ে মিকোলাইভ বন্দরে আরও দুটি জাহাজ লক্ষ্য করে হামলার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্লেষকরা জানান, যুদ্ধের নতুন পর্যায়ে কৃষ্ণসাগরে বাণিজ্যিক নৌপরিবহনও ক্রমেই বড় লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। ফলে কৃষ্ণসাগরে বাণিজ্যিক নৌপরিবহন নিয়েও নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন