প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলে অবস্থানরত অতিথিদের তথ্য নিয়মিতভাবে সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশনা প্রদান করেছেন।
তিনি উল্লেখ করেন, "প্রয়োজনের সময় যাতে এসব তথ্য দ্রুত পাওয়া যায়, সে জন্য হোটেলগুলো থেকে অতিথিদের তথ্য সংগ্রহ করতে হবে।"
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা-পুলিশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা আবশ্যক। তিনি বলেন, "এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে ডিউটি করতে হবে, যাতে কোনো এলাকায় নিরাপত্তার ক্ষেত্রে শূন্যতা সৃষ্টি না হয় এবং দায়িত্ব পালনে কোনো ঘাটতি না থাকে।"
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা যাতে ঢাকায় এসে অপরাধ সংঘটিত করতে না পারে, সেজন্য রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্লক চেকসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন। সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই তাদের গতিবিধি নিয়ন্ত্রণে আনতে হবে।
অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তাৎক্ষণিকভাবে কাজে লাগানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। কমিশনার প্রত্যেক পুলিশ সদস্যকে তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।
সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন