প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধির ফলে মানুষ জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজতে শুরু করেছে। এর ফলে চলতি বছরে জলবায়ুর জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ হ্রাস পাচ্ছে।
বিজ্ঞানীদের একটি বিস্তৃত মূল্যায়ন অনুযায়ী, চলতি বছরে তেল, গ্যাস ও কয়লা পোড়ানোর ফলে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ গত বছরের তুলনায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিশেষ করে, তেল পোড়ানোর কারণে কার্বন নিঃসরণ ২ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে। গাড়ির ব্যবহার কমানোর ফলে এবং বৈদ্যুতিক গাড়ির প্রতি মানুষের আগ্রহ বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় আয়োজিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বিজ্ঞানীরা এই প্রতিবেদনটি প্রকাশ করেন। এতে ইরান যুদ্ধের প্রভাবের পাশাপাশি বিশ্বজুড়ে সস্তা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে সৌর ও বায়ুবিদ্যুতের সম্প্রসারণ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সহায়তা করছে।
তবে, বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমার প্রবণতা শুরু হয়েছে, এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো ঠিক হবে না বলে সতর্ক করেছেন প্রতিবেদনটির লেখক ও অন্যান্য বিশ্লেষকেরা। তাদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণ গত বছরের তুলনায় মাত্র ০.৪ শতাংশ কমতে পারে।
এদিকে, জীবাশ্ম জ্বালানি থেকে নিঃসরণ সামান্য কমলেও বন উজাড় ও ভূমির ব্যবহার পরিবর্তনের কারণে কার্বন নিঃসরণ বেড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বড় ধরনের দাবানল এবং কৃষিকাজের জন্য নতুন করে বনভূমি ও প্রাকৃতিক জমি ব্যবহার করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি থেকে নিঃসরণ কমার এ প্রবণতা যেকোনো সময় বাধাগ্রস্ত হতে পারে। ভারতে কয়লার ব্যবহার বৃদ্ধি, বিশ্ববাজারে তেলের দাম হ্রাস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবাশ্ম জ্বালানির প্রতি আগ্রহ এ ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠতে পারে।
প্রতিবেদনটির লেখকদের মতে, কার্বন নিঃসরণে স্থায়ীভাবে কমানোর জন্য নবায়নযোগ্য জ্বালানি এবং বৈদ্যুতিক গাড়ির মতো কম কার্বন নিঃসরণকারী প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন। শুধুমাত্র জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে সাময়িকভাবে ব্যবহার কমলেই জলবায়ু পরিবর্তন মোকাবিলা সম্ভব হবে না।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন