ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ঈদগাঁওয়ে গণশৌচাগারের কমোডে নবজাতক, হ-ত্যা-চেষ্টার অভিযোগ


ঈদগাঁওয়ে গণশৌচাগারের কমোডে নবজাতক, হ-ত্যা-চেষ্টার অভিযোগ

অভিযুক্ত তরুণ ও সন্তান প্রসবকারী কিশোরীকে নেওয়া হচ্ছে আদালতে
কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি গণশৌচাগারের কমোড থেকে সদ্যোজাত নবজাতক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতককে কমোডের ভেতরে ফেলে রাখার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণ আবুল কালাম ও সন্তান প্রসবকারী কিশোরীকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল ঈদগাঁওয়ের বটতলী স্টেশনের একটি গণশৌচাগারের কমোড থেকে কান্নার শব্দ শুনে স্থানীয়রা নবজাতকটিকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে নবজাতকটি ঈদগাঁও মডেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে এক কিশোরী বটতলী স্টেশনের একটি ফার্মেসিতে ওষুধ কিংবা চিকিৎসা পরামর্শ নিতে আসেন। একপর্যায়ে অসুস্থতা অনুভব করলে পাশের ট্রাক পার্কিং এলাকার গণশৌচাগারে যান। কিছুক্ষণ পর এক ব্যক্তি শৌচাগারে প্রবেশ করে কমোডের ভেতর থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে সন্তান প্রসবকারী কিশোরীর পরিবারের দাবি, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গর্জনতলী নোয়া মসজিদ এলাকার জালাল আহমদের ছেলে আবুল কালামের সঙ্গে ওই কিশোরীর গোপনে বিয়ে হয়েছিল। তাদের সম্পর্কের সূত্র ধরেই কিশোরী অন্তঃসত্ত্বা হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে কথিত বিয়ের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য বা নথি নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, সন্তান প্রসবকারী কিশোরীকে ঈদগাঁও আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর ঈদগাঁও থানা পুলিশ কিশোরী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করে। একপর্যায়ে কিশোরী ও তার পরিবারের সদস্যরা আবুল কালামের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুলিশের কাছে তুলে ধরেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতক উদ্ধারের পর থেকেই প্রশাসন প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিশোরী ও তার কথিত প্রেমিকের পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে। নবজাতকটি চিকিৎসাধীন রয়েছে এবং কিশোরী মাকেও পৃথক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্টদের আদালতে পাঠানো হচ্ছে।
ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলীও নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। নবজাতককে কমোডে ফেলে রাখার পেছনের প্রকৃত ঘটনা, কারও সংশ্লিষ্টতা এবং দায়দায়িত্ব নির্ধারণে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি’র সভাপতিত্বে এই বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কমিটির সদস্যবৃন্দ বিলটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই সম্পন্ন করে জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন।

বৈঠকে অংশগ্রহণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, শেখ মজিবুর রহমান ইকবাল, মো. রুহুল আমিন এবং মো. তাজউদ্দীন খান।

এছাড়া, বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রহমত শাহ প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আইসিসির সেরা দশে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


রহমত শাহ প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আইসিসির সেরা দশে

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ : আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রহমত শাহ আইসিসি টেস্ট খেলোয়াড়ের র‌্যাঙ্কিংয়ের যেকোনো ক্যাটাগরিতে প্রথম আফগান ক্রিকেটার হিসেবে সেরা দশে জায়গা করে নিয়েছেন।

শারজায় জিম্বাবুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ১৭৩ রানের ইনিংস খেলার কারণে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ উন্নতি করে সপ্তম স্থানে পৌঁছেছেন রহমত। এই ইনিংসের মাধ্যমে তিনি ক্যারিয়ারসেরা রেটিংও অর্জন করেছেন। উল্লেখ্য, ম্যাচটি ড্র হয়েছে।

এটি রহমতের টেস্টে পঞ্চম সেঞ্চুরি এবং চলতি বছরে দ্বিতীয় সেঞ্চুরি। ভারতের অধিনায়ক শুভমান গিল, দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম ও শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু মেন্ডিসকে পিছনে ফেলে প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।

এই মাসের শুরুতে জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর আইসিসি ওয়ানডে দলীয় র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ষষ্ঠ স্থানে উঠে এসেছিল।

শারজার টেস্টে আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ আরভিনের। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০৬ রান করার সুবাদে তিনি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ৪৮তম স্থানে পৌঁছেছেন।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর র‌্যাঙ্কিংয়ে বেশ কয়েকজন ক্রিকেটারের উন্নতি ঘটেছে। বাংলাদেশের তাওহিদ হৃদয় আগে সেরা ১০০-এর বাইরে থাকলেও এখন ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন।

সিরিজে ১৬ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান ১১ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে ১৯তম স্থানে উঠেছেন। তিনি সিরিজসেরার পুরস্কার জেতার পাশাপাশি ক্যারিয়ারসেরা রেটিংও অর্জন করেছেন।

তার সতীর্থ জাস্টিন গ্রিভস ব্যাট হাতে ৪৬ ও ৫১ রান করার পাশাপাশি একটি উইকেট নিয়েছেন। এর ফলে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যৌথভাবে অষ্টম স্থানে পৌঁছেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের কাভেম হজ ১২ ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠেছেন। ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার-ব্যাটার আমির জাঙ্গু ২৮ ধাপ এগিয়ে ৬২তম স্থানে জায়গা করে নিয়েছেন।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের পর সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। দুই দলের বেশ কয়েকজন বোলার উন্নতি করেছেন।

ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৮ রানে ২ উইকেট নেওয়ার সুবাদে ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠেছেন। সিরিজের প্রথম ম্যাচে অকল্যান্ডে চার উইকেট নেওয়ার পর বাঁহাতি পেসার আর্শদীপ সিং ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৩১তম স্থানে পৌঁছেছেন।

সিরিজে এখন পর্যন্ত সাত উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি গুরনুর ব্রার সবচেয়ে বেশি উন্নতি করেছেন। তিনি সেরা ১০০-এর বাইরে থেকে উঠে এসেছেন ৪৮তম স্থানে।

নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি ও কাইল জেমিসনেরও উন্নতি ঘটেছে। ডাফি আট ধাপ এগিয়ে যৌথভাবে ৪৩তম এবং জেমিসন ২৪ ধাপ এগিয়ে ৬০তম স্থানে পৌঁছেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা বাহিনী আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


আইনশৃঙ্খলা বাহিনী আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকে অপারেশনের সময় ‘রাইটস অব প্রাইভেট ডিফেন্সের’ আলোকে যেকোনো পদক্ষেপ নিতে সক্ষম হবে।

তিনি বুধবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তের ওপার থেকে শেখ হাসিনা জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছেন। তিনি উল্লেখ করেন যে, দেশে ফিরে আসলে তাদের ক্ষতি করার এবং ভয়-ভীতি দেখানোর চেষ্টা চলছে। তবে তিনি আশ্বাস দেন যে, শেখ হাসিনাকে সেই সুযোগ আল্লাহ দেবেন না। তিনি বলেন, "হিটলারের নাৎসিবাহিনী যেমন জার্মানিতে ফিরতে পারেনি, তেমনি গণঅভুত্থ্যানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট, আওয়ামী শক্তি বাংলাদেশে আর ফিরতে পারবে না।"

এছাড়া, তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের বিচারের অংশ হিসেবে ট্রাইবুন্যালের টিম এখন থেকে জেলায় জেলায় তদন্ত কার্যক্রম শুরু করবে।

এ সময় তিনি পার্বত্যাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের অপতৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে বলেও সংসদে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাই লড়েছি, বিএনপি-জামায়াত পাশে দাঁড়ায়নি: মাহমুদুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


একাই লড়েছি, বিএনপি-জামায়াত পাশে দাঁড়ায়নি: মাহমুদুর রহমান

আওয়ামী লীগ সরকারের সময় বিচার বিভাগের ওপর দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি কথিত বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজের লড়াইয়ে বিএনপি ও জামায়াত তার পাশে দাঁড়ায়নি বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি উল্লেখ করেন, যদি সে সময় রাজনৈতিক দলগুলো তার লড়াইকে সমর্থন করত, তাহলে বিচার বিভাগ পরবর্তী সময়ে আওয়ামী লীগের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হতে পারত না। তার মতে, সেই রাজনৈতিক নিষ্ক্রিয়তার ফলস্বরূপ পরবর্তী সময়ে বিচারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর. সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘জুলাই-পূর্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: বিচার, বিতর্ক ও বাস্তবতা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান জানান, বইটির মোড়ক উন্মোচনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে একাডেমিক আলোচনার সূচনা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক আলোচনা বেশিদিন স্থায়ী হয় না, কিন্তু একাডেমিক আলোচনা ইতিহাস সংরক্ষণ ও প্রকৃত ঘটনা অনুসন্ধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়ে তিনি উল্লেখ করেন, বিদেশি বইয়ের অনুবাদের ওপর নির্ভর না করে দেশীয় গবেষকদের মৌলিক বই ও গবেষণাপত্র প্রকাশ করা প্রয়োজন।

বিচারপ্রক্রিয়ার পটভূমি তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের অনেক আগে থেকেই এ বিচারপ্রক্রিয়ার ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল। এর পেছনে মিডিয়া ট্রায়াল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার দাবি, স্বাধীনতার পর থেকেই এ ধরনের প্রচেষ্টা শুরু হলেও এরশাদের শাসনামলের শেষ দিকে এবং পরবর্তী সময়ে গণআদালত গঠনের প্রেক্ষাপটে তা গতি পায়। এর বিপরীতে কার্যকর কোনো বিকল্প বয়ান তৈরি করা সম্ভব হয়নি। ফলে যারা পরবর্তী সময়ে বিচারপ্রক্রিয়ার ভুক্তভোগী হয়েছেন, তারা নিজেদের পক্ষে যথাযথ জনমত গড়ে তুলতে পারেননি।

শেখ হাসিনার শাসনামলে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের প্রবণতা সম্পর্কে আগেই সতর্ক হয়েছিলেন উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা রাষ্ট্রের ওপর একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠার মতো শক্তি অর্জন করতে পারেননি। তবে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বিচার বিভাগকে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা শুরু করেন বলে তিনি মনে করেন।

তিনি জানান, ২০১০ সালে তার বিরুদ্ধে প্রথম আদালত অবমাননার মামলা হয়। তখনো আল্লামা সাঈদী ও মাওলানা মতিউর রহমান নিজামী গ্রেপ্তার হননি। ওই সময় বিচার বিভাগের স্বাধীনতা ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিচারিক সুবিধা নিয়ে তিনি একটি সংবাদ প্রতিবেদন এবং একটি নিবন্ধ প্রকাশ করেছিলেন। প্রতিবেদনে দেখানো হয়েছিল, বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা হাইকোর্ট থেকে জামিন বা প্রতিকার পেলেও আপিল বিভাগে তা আটকে যাচ্ছিল।

নিজের লেখা নিবন্ধের শিরোনাম ছিল ‘স্বাধীন বিচারের নামে তামাশা’ উল্লেখ করে তিনি বলেন, ওই লেখা ও সংবাদ প্রকাশের পর ২০১০ সালের ১ জুন তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে ২০১১ সালের মাঝামাঝি তিনি কারাগার থেকে মুক্তি পান। আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে নিজেই নিজের পক্ষে অবস্থান নিয়েছিলেন। বিচারকদের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেছিলেন, সঠিক কথা বলার জন্য ক্ষমা চাইবেন না।

মাহমুদুর রহমান বলেন, ‘তখন আমি একাই লড়াই করেছি। আমার পাশে কোনো রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী ছিল না। বিএনপি কিংবা জামায়াত কেউই আমার পাশে দাঁড়ায়নি। তখন তারা যদি আমার লড়াইকে সমর্থন করত, তাহলে বিচার বিভাগ পরবর্তী সময়ে এমন ভয়াবহ প্রতিষ্ঠানে পরিণত হতো কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে নিজের পত্রিকায় সংবাদ প্রকাশের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সে সময় ট্রাইব্যুনালের বিভিন্ন অনিয়ম ও বিচারপ্রক্রিয়ার অসংগতির বিষয়ে সংবাদ প্রকাশ করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনকি এসব প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে কি না, তা নিয়েও সংবাদকর্মীদের মধ্যে সংশয় ছিল। তবু ঝুঁকি নিয়েই ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।

তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ডেভিড বার্গম্যানের কথোপকথন ও ই-মেইল আদান-প্রদানের বিষয়গুলো বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছিল। এ-সংক্রান্ত তথ্য ও প্রমাণ তার কাছে ছিল এবং পরবর্তী সময়ে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

বিচারপতি নিজামুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, কোনো বিচারপতির বিরুদ্ধে সাধারণভাবে মামলা করা যায় না। তবে ব্যক্তিগত বিদ্বেষ বা অসৎ উদ্দেশ্যে বিচার পরিচালনার প্রমাণ পাওয়া গেলে বিষয়টি ভিন্ন হতে পারে। তার মতে, বিচারপতি নিজামুল হকের কথোপকথন, রাজনৈতিক অবস্থান এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদ থেকে তার পদত্যাগের ঘটনাসহ বিভিন্ন বিষয় আইনি পর্যালোচনার আওতায় আনা যেতে পারে।

এ সময় তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি বিচারিক হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যেসব পরিবারের সদস্যরা বিচারপ্রক্রিয়ার মাধ্যমে অন্যায়ের শিকার হয়েছেন, তাদের মামলা করার সুযোগ রয়েছে। এ ছাড়া যাদের অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাদের দায়মুক্তির জন্য রিভিউ বা পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়াও জরুরি।

তিনি বলেন, ‘রিভিউয়ের মাধ্যমে যাদের অন্যায় অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে, তারা সেই অপবাদ থেকে মুক্তি পেতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে শত শত বছর আগের বিচারিক ভুলও সংশোধন করা হয়েছে। প্রয়োজনে রাষ্ট্র স্বীকার করেছে, ওই ব্যক্তিরা নির্দোষ ছিলেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারপ্রক্রিয়ায় নিজে সাক্ষ্য দিয়েছেন জানিয়ে মাহমুদুর রহমান বলেন, তিনি দুই দিন ধরে সাক্ষ্য দিয়েছেন এবং কয়েক ঘণ্টা করে বক্তব্য রেখেছেন। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। এ মামলায় সর্বোচ্চ সাজা ঘোষিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং পরবর্তী পরিস্থিতি কী হবে, তা ভবিষ্যতের বিষয় বলে মন্তব্য করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে বিভক্তি তৈরি হওয়ায় শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী শক্তি আবারও রাজনৈতিক ষড়যন্ত্রের সুযোগ পাচ্ছে। এ পরিস্থিতির জন্য সরকারের দায় সবচেয়ে বেশি। কারণ, ক্ষমতায় থাকা সরকারের প্রধান দায়িত্ব জাতীয় ঐক্য ধরে রাখা।

তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিযোগিতা ও শত্রুতা এক জিনিস নয়। বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু শত্রুতা থাকা উচিত নয়। আপনারা রাজনৈতিক প্রতিযোগিতা করবেন, কিন্তু শত্রুতা করবেন না।’

অনুষ্ঠানে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও সংসদ সদস্য শামীম সাঈদী বলেন, শেখ হাসিনার সরকার এমন আইন তৈরি করেছিল, যেখানে বিচারিক হত্যাকাণ্ডের প্রক্রিয়া পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়নি। তিনি বলেন, ‘আমি কথা দিচ্ছি, আজ আমি সংসদে আছি। সেই আইনগুলো সংশোধন করে প্রকৃত সত্য উন্মোচনে কাজ করব।’

নিজের বাবার পরিচয় ও নাম নিয়ে বিতর্কের প্রসঙ্গ তুলে শামীম সাঈদী বলেন, তার বাবার শিক্ষাগত সনদেও দেলাওয়ার হোসাইন সাঈদী নাম উল্লেখ রয়েছে। অথচ তাকে দেলোয়ার শিকদার নামের অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত করে পরিচয়গত বিতর্ক তৈরি করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহীদ আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমাদ তাহকিক ও আলী আহমাদ মাবরুর। এ ছাড়া উপস্থিত ছিলেন শহীদ আবদুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল ও মেয়ে আমাতুল্লাহ শারমিন এবং শহীদ মীর কাসেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়া। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মুহা. মহীউদ্দীন খানও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%