প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে টাঙ্গন নদী থেকে প্রতিদিন লাখ লাখ টাকার বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। জেলা সদরের বরুনাগাঁও এলাকায় নদীতে ড্রেজার মেশিন বসিয়ে যত্রতত্র বালু তুলে বিক্রি করা হচ্ছে।
নদী থেকে তোলা বালু পাশেই স্তূপ করে রাখা হচ্ছে। পরে ভেকু মেশিনের মাধ্যমে ট্রাকে ভর্তি করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। বছরের পর বছর ধরে এভাবে বালু উত্তোলনের অভিযোগ থাকলেও প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নেয়ায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি নদী ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে বরুনাগাঁও এলাকায় গিয়ে দেখা গেছে, টাঙ্গন নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নদী থেকে তোলা বালু পাশেই স্তূপ করে রাখা হয়েছে। পরে ভেকু মেশিন দিয়ে ট্রাকে বালু ভর্তি করে বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বরুনাগাঁও এলাকাতেই কয়েকটি স্থানে এভাবে বালু উত্তোলন চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরুনাগাঁও এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন সাইফুল ইসলাম সবুজ নামে একজন। তিনি জেলা শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া একই এলাকায় সেলিম, জালাল ও রাব্বিসহ আরও কয়েকজন স্থানীয় প্রভাব বিস্তার করে নদী থেকে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাদের বিরুদ্ধে নদীর বালু উত্তোলন ও বিক্রির মাধ্যমে অবৈধভাবে লাখ লাখ টাকা আয়ের অভিযোগ তুলেছেন।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে প্রভাবশালী ব্যক্তিরা এভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছেন। প্রশাসনের সামনে এমন কার্যক্রম চললেও কেন কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না, তা তাদের বোধগম্য নয়। তাদের দাবি, অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ ও তলদেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আমরা চাই নিয়ম মেনে সরকারের কাছ থেকে ইজারা নিয়ে বালু উত্তোলন করা হোক। কিন্তু প্রভাবশালীরা নিজেদের মতো করে নদী থেকে বালু তুলে বিক্রি করছেন। বছরের পর বছর এমন কার্যক্রম চললেও কার্যকর কোনো প্রশাসনিক ব্যবস্থা দেখা যাচ্ছে না।’
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘নদীর পাশের জমির মালিকের সঙ্গে চুক্তি করে বালু উত্তোলন করছি।’ তবে তিনি ইজারার কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া অন্যদের বালু উত্তোলনের বিষয়টি অস্বীকার করে দায় অন্যদের ওপর চাপান তিনি।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলা সদরের নারগুণ এলাকায় একটি স্থানে বালু উত্তোলনের অনুমতি বা ইজারা দেয়া হয়েছে। এ ছাড়া অন্য কোথাও বালু উত্তোলনের অনুমতি দেয়া হয়নি।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, অনুমতি ছাড়া কেউ বালু উত্তোলন করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের দাবি, নির্দিষ্ট একটি স্থানে বালু উত্তোলনের অনুমতি থাকলেও বরুনাগাঁওসহ বিভিন্ন স্থানে কীভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি চলছে, তা খতিয়ে দেখতে হবে। জড়িতদের চিহ্নিত করে অবৈধ বালু উত্তোলন বন্ধ, সরকারি রাজস্ব রক্ষা এবং টাঙ্গন নদীকে ক্ষতির হাত থেকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন