প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় মিরসরাই উপজেলা কৃষক দলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ খাল পরিষ্কার ও সংস্কার করা হয়েছে।
শনিবার উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের একটি কৃষিপ্রধান এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক সরাসরি অংশ নিয়ে খাল পরিষ্কার কার্যক্রমে নেতৃত্ব দেন। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন ২নং হিঙ্গুলী ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মিশু ভূঁইয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
দীর্ঘদিন ধরে খালটি পলি, আগাছা ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে থাকায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে আশপাশের কৃষিজমিতে সেচ কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিচ্ছিল। কৃষকদের এই দুর্ভোগ লাঘব এবং কৃষি উৎপাদন সচল রাখতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, সেচব্যবস্থা সহজ করা এবং ফসলের উৎপাদন বাড়াতে খাল, নালা ও জলাধার সচল রাখা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্য থেকেই কৃষক দল জনকল্যাণমূলক এই উদ্যোগ বাস্তবায়ন করেছে।
তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কৃষকের স্বার্থ রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
খাল পরিষ্কার কার্যক্রমের খবর পেয়ে নেতাকর্মীদের উৎসাহ দিতে ঘটনাস্থলে ছুটে আসেন হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, কৃষি ও জনস্বার্থে এমন কার্যক্রম সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্থানীয় কৃষক ও সাধারণ মানুষও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের অবহেলিত খালটি পরিষ্কার হওয়ায় পানি চলাচল স্বাভাবিক হবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
কৃষক দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় খাল পরিষ্কার ও সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন