প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায়। পরে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানান।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকের ঘটনা।’
তিনি আরও লেখেন, ‘ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে কিংবা বা অন্য যেকোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, থ্রেট দেয় বা সন্দেহজনক কিছু লেখে তাহলে সেটা এড়িয়ে যাবেন।’
পরে যোগাযোগ করার সময় আসিফ নজরুল ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজট ছিল এবং গরমের কারণে তিনি জানালার কাচ খুলে রেখেছিলেন। গাড়ির ভেতরে বসে মোবাইল ফোনের খুদে বার্তা দেখছিলেন। গাড়ি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আসতেই নীল রঙের টি-শার্ট পরা একটি ছেলে ছোঁ মেরে ফোনটা নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে নামেন, তবে ছেলেটা দৌড়ে পালিয়ে যায়।
আসিফ নজরুল বলেন, ‘আমার অসতর্কতার কারণেই এমনটা হয়েছে। ঘটনার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তাঁদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস, ফোনটি উদ্ধার করা যাবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন