প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তার অভিনয়জীবনে নতুন পরিচয় এনে দিয়েছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। সিরিজে গ্রামের প্রধানের স্ত্রী মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করে তিনি নতুন করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে বাস্তব জীবনে নীনার পোশাক এবং জীবনযাপন বেশ আধুনিক। এই কারণে প্রায়ই তাকে কটাক্ষের মুখে পড়তে হয়। সম্প্রতি, এই সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী।
‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজনের প্রচারে এক অনুষ্ঠানে নিজের পোশাক ও চরিত্র নিয়ে কথা বলেন নীনা। অনুষ্ঠানে সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রও উপস্থিত ছিলেন। তাকে প্রশ্ন করা হয়, অভিনয়ের শুরুতে কাউকে কি গ্রামের চরিত্রে মানাবে না বলে মনে হয়েছিল? উত্তরে নীনার নাম নেন পরিচালক।
এ সময় অভিনেত্রী আপত্তি জানান। নীনা বলেন, ‘আমি ফ্যাশনেবল পোশাক পরি বলে গ্রামের চরিত্রে অভিনয় করতে পারব না, এমন তো নয়। দিল্লির করোলবাগের রেগারপুরায় আমার বেড়ে ওঠা। সেখানে আমার মাকে অনেকে “নীনার মা” কিংবা “পঙ্কজের মা” বলে চিনতেন। আমি এমন পরিবেশেই বড় হয়েছি। এখন স্প্যাগেটি স্ট্র্যাপস (সরু ফিতার মতো হাতাওয়ালা পোশাক) পরি বলে আমার ভেতরের মানুষটা বদলে যায়নি।’
পরে পরিচালক স্পষ্ট করেন, তার মন্তব্যের উদ্দেশ্য ছিল নীনার ভাষাগত দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা, গ্রামের পরিবেশ সম্পর্কে তার ধারণা নিয়ে নয়। সিরিজে নীনা অভিনয় করছেন ফুলেরা গ্রামের সাবেক প্রধান মঞ্জু দেবীর চরিত্রে।
‘পঞ্চায়েত’-এর জনপ্রিয়তা নিয়েও কথা বলেন নীনা। সিরিজে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সময় এটি এতটা সফল হবে, তা ভাবেননি তিনি। তবে গল্প ও চিত্রনাট্য ভালো লেগেছিল বলেই কাজটি করতে রাজি হয়েছিলেন।
নীনা বলেন, ‘পঞ্চায়েত’-এ অভিনয়ের প্রস্তাব পাওয়ার সময় জানতাম না সিরিজটি এত বড় হিট হবে। তবে এর ভাবনা ও চিত্রনাট্য আমার ভালো লেগেছিল। আর সেটাই কাজটি করার জন্য যথেষ্ট ছিল। এখন এটি আমার জীবনরেখা হয়ে উঠেছে। আগে মানুষ আমাকে “চোলি কে পিছে” গানের জন্য চিনত। এখন “পঞ্চায়েত”-এর জন্য চেনে। যেকোনো দিন আগের চেয়ে এই পরিচয় আমার কাছে বেশি ভালো।’
‘পঞ্চায়েত’ লিখেছেন চন্দন কুমার। পরিচালনায় রয়েছেন দীপক কুমার মিশ্র ও অক্ষত বিজয়বর্গীয়। সিরিজটিতে আরো অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, চন্দন রায়, ফয়সাল মালিক ও সানভিকা।
আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন। নতুন সিজনে গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে দেখা যাবে ক্রান্তি দেবীকে। নির্বাচনে মঞ্জু দেবীকে হারিয়ে তিনি এই পদে এসেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন