প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাহাড়ের প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে প্রায় ৭ কোটি টাকার কৃষিযন্ত্র সরবরাহের উদ্যোগ নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। জেলার ১০ উপজেলার কৃষকদের মধ্যে পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, গ্রাইন্ডার, ফুড ড্রায়ার, জুসার ও সিলার মেশিনসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। এ সময় উপজেলা-ভিত্তিক পরিষদ সদস্যদের হাতে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, কৃষির আধুনিকায়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের অগ্রাধিকার বাস্তবায়নের অংশ হিসেবে পাহাড়ের প্রান্তিক কৃষকদের আধুনিক প্রযুক্তির আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র সরবরাহ করা হবে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এসব যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। উপজেলার কৃষকদের চাহিদা অনুযায়ী পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, গ্রাইন্ডার, ফুড ড্রায়ার, জুসার ও সিলার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদ মন্ডল বলেন, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনতে স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী এসব আধুনিক সরঞ্জাম দেওয়া হচ্ছে। এতে কৃষিকাজে যান্ত্রিকীকরণের পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও সংরক্ষণের সুযোগ বাড়বে।
তিনি বলেন, ফুড ড্রায়ারের মাধ্যমে ফলমূল ও অন্যান্য খাদ্যপণ্য শুকিয়ে সংরক্ষণ, জুসারের মাধ্যমে ফলের জুস তৈরি এবং সিলার মেশিন দিয়ে প্যাকেজিং করা যাবে। পাশাপাশি পাওয়ার টিলার ও ধান রোপণ-কাটার যন্ত্র ব্যবহারে কৃষকের শ্রম ও সময় কমবে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পাহাড়ের কৃষিতে উৎপাদনের পাশাপাশি ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণ বড় চ্যালেঞ্জ। দুর্গম যোগাযোগব্যবস্থা এবং পর্যাপ্ত সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সুবিধার অভাবে মৌসুমি ফলমূল ও শাকসবজির একটি অংশ নষ্ট হয়। এতে কৃষকের উৎপাদন খরচ উঠে এলেও অনেক সময় কাঙ্ক্ষিত মূল্য পাওয়া যায় না।
নতুন সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে পাহাড়ে উৎপাদিত আনারস, কলা, পেঁপে, আম ও কাঁঠালসহ বিভিন্ন ফল প্রক্রিয়াজাত করে জুস, শুকনো খাদ্য ও অন্যান্য পণ্য তৈরির সুযোগ তৈরি হতে পারে। সিলার মেশিনের মাধ্যমে এসব পণ্য প্যাকেজিং করে বাজারজাত করাও সম্ভব হবে। এর ফলে কাঁচা কৃষিপণ্যের পাশাপাশি মূল্য সংযোজিত পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে।
আয়তনে দেশের তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে বড় রাঙামাটির বিস্তীর্ণ পাহাড়ি এলাকার মানুষের বড় একটি অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। আধুনিক প্রযুক্তি, কৃষিযন্ত্র, সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ সুবিধার সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের কৃষি সম্ভাবনার পুরোপুরি বিকাশ ঘটেনি।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রায় ৭ কোটি টাকার এ উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকি করা গেলে পাহাড়ের কৃষিতে নতুন গতি আসবে। এতে কৃষকের শ্রম ও উৎপাদন ব্যয় কমার পাশাপাশি ফসলের অপচয় রোধ, কৃষিপণ্যে মূল্য সংযোজন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং প্রান্তিক পরিবারের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন