প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে বদলিপূর্বক তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।
আজ বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ ওই ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় উপ-সহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা এবং অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে কর্মস্থলে পাওয়া যায়নি।
নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। বিকেলে জারি করা অফিস আদেশে তাদের বদলি করে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, উপ-সহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তাকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার বিভিন্ন ভূমি অফিসের কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি, দায়িত্ব পালন এবং সেবার মান নিয়মিত মনিটরিং করা হচ্ছে। জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের নির্দেশনায় আকস্মিক পরিদর্শন কার্যক্রম জোরদার করা হয়েছে।
কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই জেলার বিভিন্ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। দায়িত্ব পালনে অবহেলা, কর্মস্থলে অনুপস্থিতি কিংবা সরকারি সেবা প্রদানে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বাসসকে বলেন, নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি দায়িত্ব পালনে অবহেলার শামিল।
অভিযোগের প্রেক্ষিতে দুজন কর্মচারীকে বুধবার বিকেলেই বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের এ পদক্ষেপের ফলে ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও জনগণকে যথাযথ সেবা নিশ্চিত করার বিষয়ে কঠোর বার্তা গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন